আটে নেমে সেঞ্চুরি ডুমিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটে নেমে সেঞ্চুরি ডুমিনির
আটে নেমে সেঞ্চুরি ডুমিনির

তাঁর ব্যাটিং পজিশন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গবেষণার বিষয়। সেটা টেস্ট হোক বা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি।ইনিংস গড়ার জন্য কখনো টপ অর্ডারে, বিপর্যয়ে কাটাতে কখনো মিডল অর্ডারে, কখনো লেট মিডল অর্ডারে, টেলএন্ডারদের সঙ্গী করে দলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে কখনো লেট মিডল অর্ডারে।
সব ব্যাটসম্যানই চান কোনো একটি পজিশনে থিতু হতে। ডুমিনি তা পারছেন না। টিম ম্যানেজমেন্ট তাঁকে নানা পজিশনে খেলাচ্ছে। নিজেও নিজেকে থিতু হতে দিচ্ছেন না। যেখানে নামেন, সেখানেই যে রান করেন জেপি ডুমিনি!
কাল সেঞ্চুরি করলেন আট নম্বরে নেমে।এমনিতে ব্যাটিং অর্ডার ছিল ৬। আত্মবিশ্বাস জোগাতেই হয়তো তরুণ কুইন্টন ডি কককে নামানো হলো ছয়ে। পরশু শেষ বিকেলে ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর সাতে নামলেন নাইটওয়াচম্যান স্টেইন। স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়েও ডুমিনির জায়গা তাই আটে। এসবে অভিমান করার লোক তিনি নন। দল-অন্তঃপ্রাণ ব্যাটসম্যান ঠিকই নিজের কাজটা করলেন দারুণভাবে। টেলএন্ডারদের সঙ্গী করেই দুর্দান্ত এক সেঞ্চুরি। তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি, তিনটিই দেশের বাইরে। ডুমিনির ব্যাটিং অর্ডার চক্রের একটা ধারণাও পেতে পারেন সেঞ্চুরিগুলো থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ছয়ে নেমে, পরেরটি চারে, তৃতীয়টি সাতে আর কাল তো আটে!
ডুমিনির ইনিংসেই সাড়ে চার শ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা। গলের উইকেট বরাবরই ব্যাটিং উপযোগী থাকে প্রথম তিন দিন। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল তাই প্রথম ইনিংসে বড় সংগ্রহ। অধিনায়ক হাশিম আমলা বলতে পারেন, ডুমিনিকে আটে খেলালাম বলেই না বড় রান পেল দল! গলের গরমে ১৬৬ ওভার ফিল্ডিং করার পর ক্লান্ত-শ্রান্ত লঙ্কানদের বিকেলে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। সাত বছর পর টেস্টে ফেরা উপুল থারাঙ্গা আর কৌশল সিলভা ঘণ্টা খানেক পার করে দিয়েছেন নিরাপদেই।
একজন স্পিনার নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। আজ তাই অফ স্পিন দিয়ে বোলিংয়েও হাত লাগাতে হবে ডুমিনিকে। তবে ব্যাট হাতে কাল যা করলেন, তাতেই লঙ্কানদের ভোগান্তির একশেষ। প্রথম টেস্ট ফিফটির পরপরই যখন ফিরে গেলেন কুইন্টন ডি কক, প্রোটিয়াদের ইনিংস দ্রুতই মুড়ে দেওয়ার আশায় ছিল লঙ্কানরা। অষ্টম উইকেটে ফিল্যান্ডারকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি, নবম উইকেটে মরনে মরকেলকে নিয়ে ৭৫। ফিল্ডিংয়ে শামিন্দা ইরাঙ্গার হাত ফাটিয়ে ফেলাও ভুগিয়েছে শ্রীলঙ্কাকে। আটটি সেলাই পড়েছে লঙ্কান পেসারের হাতে। ম্যাচে আর বোলিং করার সম্ভাবনা সামান্যই। আজ অবশ্য চ্যালেঞ্জটা লঙ্কান ব্যাটসম্যানদের! তথ্যসূত্র: টেন ক্রিকেট।