প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট নম্বর ব্যাটসম্যানের টেস্ট সেঞ্চুরি, বিজে ওয়াটলিংয়ের সৌজন্যে অনাস্বাদিত স্বাদটি প্রথমবারের মতো পেয়েছেন বাংলাদেশের দর্শকেরা। দুই দিন যেতে না যেতেই ওয়াটলিংয়ের দেখানো পথে হাঁটলেন বাংলাদেশের সোহাগ গাজীও। এক ম্যাচে দুই আট নম্বরের সেঞ্চুরি, জহুর আহমেদের প্রথম টেস্টটা ঢুকে গেছে রেকর্ড বইতে। টেস্ট ইতিহাসের ২০৯৭ ম্যাচের মাত্র তিনটিই দুজন আট নম্বর ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখেছে। প্রথম ঘটনাটি ১৯৫৫ সালের। ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার আট নম্বর রে লিন্ডওয়ালের (১১৮) সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের ক্লেয়ারমন্টে দেপেইয়াজাও (১২২) পেয়ে যান সেঞ্চুরি। ৪১ বছর পর শেখুপুরায় জিম্বাবুয়ের পল স্ট্র্যাংয়ের অপরাজিত ১০৬ রানের জবাবে পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম করেছিলেন হার না মানা ২৫৭ রান। ওই দুটো ম্যাচই ড্র হয়েছিল।