আটের পর ‘প্রথম’ মেজবাবুল
একটা বৃত্ত অবশেষে ভাঙল। এবারের বাংলাদেশ লিগে স্থানীয় কোনো খেলোয়াড় এই প্রথম হ্যাটট্রিক করলেন। সেটিও বিদেশিরা আটটি হ্যাটট্রিক করার পর। নওগাঁর তরুণ মেজবাবুল হক মানিকের ৩ গোলে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে শেখ রাসেল জিতল সহজেই (৪-১)। এই লিগে মেজবাহ প্রথম পর্বে একমাত্র ম্যাচ খেলেছিলেন মোহামেডানের বিপক্ষে। এরপর পেরিয়েছে ১০টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে নেমেই হ্যাটট্রিক পাওয়ার আনন্দে বললেন, ‘ইনজুরির কারণে এত দিন খেলতে পারিনি। তবে এই হ্যাটট্রিক করতে পেরে আমি দারুণ খুশি। গত বছর আমার মা মারা গেছেন, তাঁকেই এই হ্যাটট্রিক উৎসর্গ করলাম।’মেজবাহ হ্যাটট্রিক পূর্ণ করেন মাত্র ১১ মিনিটে (৫৯, ৬৬ ও ৭০)। ৩১ মিনিটে রাসেলকে এগিয়ে নেন মুরাদ। ৫২ মিনিটে ১-১ করেছিলেন দিদারুল। শেখ রাসেল ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ব্রাদার্স ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম। ফেনী সকারের জয়: কমলাপুর স্টেডিয়ামে ৫৫ মিনিটে রোল্যান্ডের একমাত্র গোল ফেনী সকার হারিয়েছে ফরাশগঞ্জকে। ফেনীর পয়েন্ট ১৪ ম্যাচে ১৩। ফরাশগঞ্জের ১৪।