আঠারোয় শেষ করলেন সিদ্দিকুর
ঠিক আগের টুর্নামেন্ট ম্যাকাও ওপেনে হয়েছিলেন ১৭তম। এবার ইউবিএস হংকং ওপেনে ১৮তম হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান।
বছরটা যতই শেষের দিকে গড়াচ্ছে, সিদ্দিকুরের জন্য ‘উইনার’ ক্যাটাগরিতে খেলার সম্ভাবনা ততই যেন কমে আসছে। বছরের বাকি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্তত একটিতে চ্যাম্পিয়ন না হতে পারলে আগামী বছর থেকে তাঁকে খেলতে হবে টুর্নামেন্ট আয়োজকদের আমন্ত্রণে, যেটি ব্যয়বহুল। প্রতি দুই বছরে অন্তত একটি এশিয়ান ট্যুর শিরোপা জিতলেই কেবল উইনার ক্যাটাগরিতে খেলার সুযোগ মেলে।
কিন্তু সিদ্দিকুর এই সময়ে কোনো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। হংকংয়ে দুর্দান্তভাবে শুরু করে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলেছিলেন। পরশু তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে খেলেছেন পারের চেয়ে ৪ শট কম। কাল শেষ রাউন্ডে পারের চেয়ে খেলেছেন ১ শট কম। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে পাঁচজনের সঙ্গে যৌথভাবে ১৮তম হয়েছেন। পারের চেয়ে ১৭ শট কম খেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জাস্টিন রোজ।