আড়াল ছেড়ে আলোর পথে

বিশ্বকাপের তারা ভরা আকাশে তাকালে শুরুতেই নজর কাড়েন এক-একজন ধ্রুবতারা। তবে কম দীপ্তিময় এমন অনেক তারা আছেন, বিশ্বকাপে যাঁরা উজ্জ্বল হয়ে ম্লান করে দিতে পারেন তুলনায় বিখ্যাত সতীর্থদের। এমন কজনের সম্ভাবনার গল্প শোনাচ্ছেন আরিফুল ইসলাম
চেহারায় তখনো কৈশোরের ছাপ। চোখে-মুখে রাজ্যের কৌতূহল। ড্রেসিং রুমে চুপচাপ, অনুশীলনে মনোযোগী ছাত্র। সেটি ২০১০ সাল, বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। জাতীয় দলের হয়ে কেন উইলিয়ামসনের মাত্র দ্বিতীয় সফর। সহজাত প্রতিভা, ব্যাটিংয়ের ধরন, ওই বয়সেই পরিণত মস্তিষ্ক আর দেখতে-শুনতে ‘চকলেট বয়’ ভাবমূর্তির কারণে দেশে তখন তাঁকে বলা হচ্ছে ‘নিউজিল্যান্ডের মাইকেল ক্লার্ক।’ একটি সাক্ষাৎকারে ক্লার্কের সঙ্গে তুলনার প্রসঙ্গ পাড়তেই উইলিয়ামসন বলেছিলেন, ‘আমি পরিচিত হতে চাই নিজের নামেই।’ আজ?
আজ নিজের নামে পরিচিত তো বটেই। এই তো, কদিন আগেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে পেয়েছেন ভবিষ্যতের সার্টিফিকেটও, ‘কেন উইলিয়ামসন হতে পারে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান।’ গত দেড় বছরে ব্যাটে রানের যেমন স্রোত, ব্যাটিংয়ে নিখুঁত আর মানসিকতায় পরিণতিবোধের ছাপ, ম্যাককালামের সঙ্গে দ্বিমত করার লোকও খুব একটা নেই।
তবে ভবিষ্যতের আগে, উইলিয়ামসন নিউজিল্যান্ডের বর্তমান। ২৪ বছর বয়সেই দলের সবচেয়ে বড় নির্ভরতা। গত বছর ৯ টেস্টে ৬১.৯৩ গড়ে করেছেন ৯২৯ রান। এ বছর ১ টেস্টে ৬৯ ও ২৪২*! ওয়ানডেতে গত বছর ১২ ম্যাচে ৭০ গড় ও ৮৭.১০ স্ট্রাইক রেটে ৭৭০ রান, এ বছর ৬ ম্যাচেই ২ সেঞ্চুরি, ২ ফিফটিতে ৪০৭ রান, স্ট্রাইক রেট ৯৫.৩১! এত কিছুর পরও একজন ম্যাককালাম বা রস টেলরের মতো তারকাখ্যাতি নেই উইলিয়ামসনের। তিনি নিজেও পছন্দ করেন আড়ালে থাকতেই। কিন্তু বিশ্বকাপ যে আলোয় আসার মঞ্চ! এই ফর্ম যদি বিশ্বকাপেও ধরে রাখতে পারেন উইলিয়ামসন, দেশকে জেতাতে পারেন অধরা বিশ্বকাপ, তারকা দ্যুতিতে ছাড়িয়ে যেতে পারেন ম্যাককালামদের।
ভারতের তারা ভরা আকাশে অজিঙ্কা রাহানে যেমন। গত কিছুদিনে দেশের বাইরে ভারতের সফলতম ব্যাটসম্যান। সব কন্ডিশন-উইকেটে মানিয়ে নেওয়ার মতো টেকনিক। ওয়ানডেতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেন, প্রয়োজনে আগলে রাখেন উইকেট। কিন্তু বড় বড় নামগুলোর পাশে বহুদূর, একজন রোহিত শর্মা, এমনকি শিখর ধাওয়ানের মতো তারকার ছাপও নেই রাহানের গায়ে। সেই ছাপ এনে দিতে পারে এই বিশ্বকাপ। ওপেনিং বা মিডল অর্ডার, দলের প্রয়োজনে ব্যাট করতে পারেন যেকোনো জায়গাতেই।

জেমস ফকনারের চোট নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে শঙ্কা, হাহাকার। চোট কাটিয়ে ফেরা একজনের কথা যেন অনেকে ভুলেই গেছেন—মিচেল মার্শ! দারুণ এক ফিনিশার হিসেবে যিনি গত কিছুদিনে মেলে ধরেছেন নিজেকে, হয়ে উঠেছেন পরিণত। একটু লম্বা সময় উইকেটে থাকতে হলে ইনিংস গড়ে তোলেন দারুণভাবে। একেবারেই শেষের দিকে নামলে ঝড় তুলতে পারেন চোখের পলকে। বিশ্ব ক্রিকেটে তাঁর চেয়ে বড় ছক্কা এখন খুব কম ক্রিকেটারই মারতে পারেন। বল হাতেও ৬-৭ ওভার কাজ চালিয়ে নেন দারুণ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে জনসন-কামিন্স-স্টার্কদের মতো গতিময়দের পাশে নিজেকে আলাদা করে চেনাতে পারেন যেমন জশ হ্যাজলউড। অনেকটা ম্যাকগ্রা ঘরানার বোলার হ্যাজলউড, লেংথ থেকে বাড়তি বাউন্স আর ছোট ছোট সুইং মূল অস্ত্র।
হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সের আলোয় আলোকিত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। টপ অর্ডারে ব্যাটিং করেন বলে কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিও শিরোনাম হন প্রায়ই। জেপি ডুমিনি বা ডেভিড মিলারদের সেই সৌভাগ্য হয় কমই। কিন্তু নিজেদের কাজটা করে যান ঠিকঠাক। ধরে খেলা বা মেরে খেলা, যেকোনো পরিস্থিতির দাবি মেটাতে পারেন ডুমিনি। তাঁর অফ স্পিনকে সেভাবে গোনায় ধরে না প্রতিপক্ষ, আদতে কিন্তু দারুণ কার্যকরী! বিস্ফোরক মিলার কয়েক ওভারে পাল্টে দিতে পারেন ম্যাচের মোড়।
ক্যারিয়ার গোধূলিতেও জ্বলজ্বল করছেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশান। অনেকেই খেয়াল করেননি, অ্যাঞ্জেলো ম্যাথুসের ক্যারিয়ার সূর্য চলে এসেছে প্রায় মধ্যগগনে! আগের ৬ বছরে যেখানে বছরে ৬০০ রানও ছুঁতে পারেননি একবারও, গত বছর ৩২ ওয়ানডেতে ৬২.১০ গড়ে করেছেন ১২৪৪! নেতৃত্ব তাঁকে করেছে আরও পরিণত, ব্যাট হাতে দারুণ ধারাবাহিক। ওয়ানডের পাশে গত বছর টেস্ট রানটাও জানলে বুঝতেন কতটা ধারাবাহিক, টেস্টে ৮৭.৮০ গড়ে করেছেন ১৩১৭ রান! চোটজর্জর অতীতকে ফেলে বল হাতেও পারফর্ম করছেন নিয়মিত। বিশ্বকাপ হতে পারে তাঁর বিশ্বসেরাদের কাতারে উঠে আসার আসর। ম্যাথুসের স্কুল সতীর্থ থিসারা পেরেরাও খেলছেন বেশ কবছর। ব্যাটে ঝড়, বল হাতে উইকেটশিকারি—বিপজ্জনক ক্রিকেটার হিসেবে পরিচিতিও পেয়েছেন। কিন্তু ঠিক বিশ্বমানের হয়ে উঠতে পারেননি ধারাবাহিকতার অভাবে। বিশ্বকাপ এনে দিচ্ছে নিজেকে বিশ্বমানের প্রমাণের সুযোগ!
পাকিস্তানের মিডল অর্ডারে নতুন মাত্রা যোগ করেছেন হারিস সোহেল ও সোহেব মাকসুদ। বাঁহাতি সোহেল হয়ে উঠেছেন নির্ভরতা। বোলার না হয়েও আজমল-হাফিজদের অভাবে আচমকা বোলিংও করতে হচ্ছে তাঁকে। দায়িত্বটাও পালন করছেন দারুণভাবে। ইনজামাম-উল-হকের শহর মুলতানের ছেলে মাকসুদকে বলা হচ্ছিল ইনজির সত্যিকারের উত্তরসূরি। সেটির ছাপও রাখছেন ব্যাটিংয়ে মাঝেমধ্যেই। ইনজির মতোই এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে আলো ছড়ানোর পালা।
ফিনিশার হিসেবে একটা পরিচিতি পেয়েছেন জস বাটলার। সেই পরিচয়কে আরও পোক্ত করতে পারেন বিশ্বকাপে। ব্রাভো-পোলার্ডদের বাদ দেওয়ার যুক্তি বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড বলেছিলেন আন্দ্রে রাসেলে ভরসার কথা। ঝোড়ো ব্যাটসম্যান, উইকেটশিকারি বোলার, দুর্দান্ত অ্যাথলেটিক ফিল্ডার। ম্যাচ জেতানোর সামর্থ্যের প্রমাণ মাঝেমধ্যেই দিয়েছেন রাসেল। এবার বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে দেখানোর পালা।
আর আমাদের বাংলাদেশে? ক্রিকেট উন্মাদনা এখানে এমন উচ্চতায় যে তারকা আসলে সবাই। তবে প্রত্যাশা বেশি অবশ্যই সাকিব-তামিম-মুশফিকের কাছে। কিন্তু ধারাবাহিকতায় এই তিনজনকে ছাড়িয়ে যেতে পারেন মাহমুদউল্লাহ। বরাবরই তিনি আড়ালের তারকা। বিশ্বকাপ তাঁকে আনতে পারে পর্দার সামনে!