আড্ডার মধ্যমণি 'বাবা সাকিব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের সঙ্গে শুরুতে আড্ডা হচ্ছিল সংবাদকর্মীদের, সেই আড্ডায় পরে এসে যোগ দিলেন মাশরাফি ও নুরুল হাসান। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l ছবি: শামসুল হক
সাকিবের সঙ্গে শুরুতে আড্ডা হচ্ছিল সংবাদকর্মীদের, সেই আড্ডায় পরে এসে যোগ দিলেন মাশরাফি ও নুরুল হাসান। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l ছবি: শামসুল হক

‘আম্মা তো আমেরিকায় গিয়ে অবাক! চারদিকে যা দেখেন সব সাদা। বাড়িঘর, রাস্তাঘাট, গাছ—সবকিছু সাদা!’ বক্তা সাকিব আল হাসান; মুগ্ধ শ্রোতা হয়ে শুনছেন সংবাদকর্মীরা। সাকিব বলে চলেছেন সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা। আগেই বলেছেন, আনুষ্ঠানিকভাবে কিছু বলবেন না। তবে আড্ডায় তাঁর আপত্তি ছিল না।
আত্মজার মুখ দেখাতে প্রথমবারের মতো মাকে নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। পরশু রাতে দেশে ফিরেছেন একাই। কাল বেলা ১১টার দিকে চলে এলেন মিরপুরে। ইনডোরে চলল ঘণ্টা খানেক অনুশীলন। সেখান থেকে এলেন শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে। সংবাদকর্মীদের সঙ্গে আড্ডাটা জমে উঠল সেখানেই।
প্রথমেই উঠল কন্যার প্রসঙ্গ। সাকিবের মেয়ের বয়স দুই মাস হলো। এত দিন তো তাকে ‘রাজকন্যা’ বলেই চিনেছে সবাই। কাল জানিয়ে দিলেন তার নাম—আলাইনা হাসান অব্রি। নামটা রেখেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মেয়ে নাকি বাবাকে পেলে একদম শান্ত-চুপচাপ হয়ে যায়। বাবার কোল পেলেই নিশ্চিন্তে ঘুম দেয়। আগের সাকিব আর বাবা সাকিবের মধ্যে পরিবর্তন কী? আগে বাচ্চাদের খুব একটা কোলে-টোলে না নিলেও এখন মেয়েকে কোলে তুলে নিতেই তাঁর যত সুখ! পরম স্নেহে তাকে ঘুম পাড়িয়ে দেন। মেয়েও কি ক্রিকেটার হবে? সাকিবের স্পষ্ট উত্তর—‘না’। কেন হবে না, তারও ব্যাখ্যা দিলেন, ‘যেখানে বড় হচ্ছে, ক্রিকেটার হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে তো ক্রিকেট মোটেই জনপ্রিয় না। হলে সে টেনিস খেলোয়াড় কিংবা গলফার হতে পারে।’
আড্ডায় যোগ দিলেন জিম্বাবুয়ে সিরিজে ১৪ জনের দলে ডাক পাওয়া নুরুল হাসান। দলের নবীন সদস্যকে হাত বাড়িয়ে অভিনন্দন জানালেন সাকিব, ‘অভিনন্দন, সোহান (নুরুল)! খেলা তো এবার তোমার শহরে (খুলনায়)।’
এরই মধ্যে কেউ একজন হাঁক দিলেন ওপর থেকে। চোখ ঘোরাতেই দেখা মিলল মাশরাফি বিন মুর্তজার। কিছুক্ষণ পরে আড্ডায় যোগ দিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কও। নুরুলের ডানে মাশরাফি, বাঁয়ে সাকিব। ছবিটা এখন বাংলাদেশ দলের প্রতীকীও বলতে পারেন। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে সুখী এক পরিবার। এই দুইয়ের মিশেলে ২০১৫ সালে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশ। এ বছরও একইভাবে রাঙাতে চান মাশরাফিরা। আর সেই শুরুটা করতে চান জিম্বাবুয়ে সিরিজ দিয়েই।
সেই লক্ষ্যে আজ সকালেই বাংলাদেশ দলের সঙ্গে চলে যাবেন খুলনায়। সেখানে আগামীকাল দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ২৭ সদস্যের প্রাথমিক দলের। ম্যাচের পর ১৪ জনের বাইরে থাকা খেলোয়াড়েরা রাজশাহী ও বগুড়ায় চলে যাবেন বিসিএল খেলতে। ২২ জানুয়ারি জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দল আরও ৯ দিন থাকবে খুলনায়।
কাল ড্রেসিংরুমের সামনে যেভাবে সাকিবকে পাওয়া গেল, পেশাগত ভাবনা পাশে সরিয়ে রাখলে সেটি দারুণ এক মুহূর্তই বলতে হবে সংবাদকর্মীদের কাছে। নরম রোদ গায়ে মেখে জম্পেশ আড্ডা। আড্ডায় সব প্রসঙ্গই ছিল, ছিল না শুধু জিম্বাবুয়ে সিরিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘সিরিজ নিয়ে কথা বলব খুলনায়।’
এবার তাহলে খুলনা পর্বের অপেক্ষা।