আতঙ্কের নাম টি-টোয়েন্টি!
রাস্তার ঠিক ওপারেই হ্যামিল্টন ফিউনেরাল হাউস। ছবির মতো সাজানো-গোছানো ছোট্ট এই শহরে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নির্ধারিত স্থান। কাল সেডন পার্কে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে যা হলো, তাতে জায়গাটা রাস্তা পেরিয়ে এপারে চলে এসেছে বলে মনে হতেই পারত কারও! বাংলাদেশের ক্রিকেটের অন্ত্যেষ্টিক্রিয়াই তো মঞ্চস্থ হলো আসল ফিউনেরাল হাউসের ওপারে!উপমাটা অবশ্যই বাড়াবাড়ি। একটা টি-টোয়েন্টি ম্যাচে পরাজয় কীভাবে একটা দেশের ক্রিকেটের মৃত্যুসংবাদ হয়ে যায়! হয় না, আবার হয়ও। হয় বলেই তো ক্রিকেটে অ্যাশেজ শব্দটা এসেছে। ১৮৮২ সালে ওভালে অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাটিতে টেস্টে প্রথম হারার পর স্পোর্টিং টাইমস পত্রিকায় ছাপা হওয়া ইংলিশ ক্রিকেটের ‘অবিচুয়ারি’ থেকেই জন্ম অ্যাশেজ কিংবদন্তির। সেই টেস্টেও তো ইংল্যান্ডের এমন লজ্জায় মুখ লুকানোর মতো অবস্থা হয়নি, কাল যেমন হলো বাংলাদেশের।আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টিতে নিজেদের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচের আগের দিন যা বলেছিলেন, কারণ দেখিয়েছেন সেটিকেই। অনেক দিন পরপর টি-টোয়েন্টি ম্যাচ খেলা। কালই যেমন খেলতে নামল আট মাস বিরতির পর। ‘এত দিন পর পর টি-টোয়েন্টি খেলার কারণে এটা কীভাবে খেলতে হয়, সেটিই জানি না আমরা’—বলার সময়ও সাকিবের চোখেমুখে টি-টোয়েন্টি আতঙ্কের ছায়া।এই কথায় যুক্তি আছে। তবে ব্যাটিং-ব্যর্থতার কারণ হিসেবে উইকেট বুঝতে ভুল করার কথায় যা একদমই নেই। নিউজিল্যান্ডের উইকেট যেমন হওয়ার কথা, তার চেয়ে এমন কী ভিন্ন ছিল কালকের উইকেট! টিম বাসে ওঠার আগে সাকিবের দেওয়া ব্যাখ্যায় বোঝা গেল, আসলে এটা বোঝাতে চাননি। তাঁর মতে, এই উইকেটে শট খেলার আগে একটু থিতু হওয়া প্রয়োজন ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুল হয়েছে সেখানেই। সিরিজটা এভাবে শুরু হওয়ায় খুব মন খারাপ। সেটি আরও খারাপ হচ্ছে, পুরোপুরি ভিন্ন কন্ডিশনের নিউজিল্যান্ডে এসে একটিও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায়। দায়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরই বর্তায়। সাকিব সরাসরি তা বলবেন না স্বাভাবিক। তবে পুরো উল্টো যে একটা উদাহরণ দিলেন, সেটি বিসিবির চিন্তাভাবনা সম্পর্কে ভালো কোনো ধারণা দেয় না। ‘আমরা এখানে একটা প্রস্তুতি ম্যাচও পেলাম না। অথচ ইংল্যান্ড আমাদের দেশে গিয়ে যে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট ম্যাচ, সেখানেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। একবার ভাবুন, ইংল্যান্ড কি লর্ডস টেস্টের আগে বাংলাদেশকে লর্ডসে প্রস্তুতি ম্যাচ খেলতে দেবে?’প্রশ্নটা অবশ্যই যৌক্তিক। তবে এটিকে টি-টোয়েন্টিতে ভরাডুবির অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না সাকিব। টি-টোয়েন্টিতে এমন দৈন্যদশার কারণ যখন এমনিতেই খুঁজে পাওয়া যায়, তখন অজুহাতের কী দরকার! মূল কারণ ওই একটাই—অনেক দিন পরপর টি-টোয়েন্টির দেখা পাওয়া, ‘ওয়ানডেটা আমরা খুব ভালো বুঝি। টেস্টটাও একটু বুঝতে শুরু করেছি। কিন্তু টি-টোয়েন্টিটা আমাদের কাছে একেবারেই অচেনা লাগে। এই যে আট মাস পর এই ম্যাচটা খেললাম, আবার একটা টি-টোয়েন্টি আসতে আসতে এই ম্যাচের ভুলগুলো আমরা ভুলে যাব।’টানা কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলাটাকেই এর একমাত্র সমাধান বলে মনে করেন। নইলে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণ বাংলাদেশের কাছে আতঙ্কের প্রতিশব্দই হয়ে থাকবে বলে সাকিবের ভয়, ‘অনেকে বলে আমরা ভালো টি-টোয়েন্টি দল। আমার একদমই তা মনে হয় না। টি-টোয়েন্টিরও একটা আলাদা নিয়ম আছে। সেটা আমরা শিখতে পারছি না। ওয়ানডেতে একসময় বাংলাদেশ কবে জিতবে কেউ জানত না, এখন কিন্তু প্রতি ম্যাচেই সবাই জয়ের আশা করে। টি-টোয়েন্টিতে এখন আমাদের আগের ওয়ানডের মতো অবস্থা, আবার কবে জিতব কেউ জানে না। টি-টোয়েন্টি খেলতে নামার আগেই সবাই জানে, আমরা হারবই।’এই জয়-খরা ঘোচানোর পথও বাতলে দিচ্ছেন সাকিব, ‘আমাদের হোম সিরিজে কোনো টি-টোয়েন্টি ম্যাচ থাকে না। অথচ দেশে টি-টোয়েন্টি খেললে আমাদের পক্ষে জেতা সম্ভব। ব্যাটসম্যানরা রান করতে পারবে, ভালো করবে স্পিনাররাও। এখন যে অবস্থা, তাতে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলকে দেশের বাইরে টি-টোয়েন্টিতে আমরা হারাতে পারব না।’উইকেটে বাড়তি বাউন্সের কথা বললেন। বলেই আবার যোগ করলেন, ‘সর্বনাশ তো করল স্পিনাররা। ভেট্টোরি অবশ্য বাউন্সটা খুব কাজে লাগিয়েছে।’ ভেট্টোরি আর ম্যাককালামের আগুনে আগেও অনেকবার ছাই হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ আর টেস্টেও এই দুজনকে নিয়ে ভয় সাকিবের, ‘এই দুইটা বাংলাদেশকে পেলেই একেবারে জ্বলে ওঠে।’কালও যথারীতি তাই উঠলেন। ব্যাটসম্যানের খেলা বলে কথিত টি-টোয়েন্টিতে বোলিংয়ের কারণে ম্যান অব দ্য ম্যাচ ড্যানিয়েল ভেট্টোরি। যেকোনো ম্যাচে সেরা হওয়ার চিরন্তন তৃপ্তিতে এটি বাড়তি মাত্রা যোগ করেছে বলে মানলেন। দিলেন বাংলাদেশের এমন ভেঙে পড়ার একটা ব্যাখ্যাও, ‘ওরা খুব আক্রমণাত্মকভাবে শুরু করেছিল। টি-টোয়েন্টিটা এভাবেই খেলতে হয়। কখনো তা ক্লিক করে, কখনো করে না।’সমস্যা একটাই, বাংলাদেশের যে কখনোই করে না!