আতাপাত্তু যখন টি-টোয়েন্টির গুরু

এমনিতে নেটে তাঁর ভূমিকা ফ্লিকার দিয়ে বলের পর বল ছোড়া। মাঝেমধ্যে এগিয়ে গিয়ে টুকটাক কোনো পরামর্শ দেওয়া। কাল হঠাৎ করেই ক্ষণিকের জন্য ফিরে গেলেন সেই পুরোনো ভূমিকায়। শ্রীলঙ্কার অনুশীলনের শেষ দিকে নিজেই ব্যাট হাতে গেলেন নেটে। পরের মিনিট দশেক যেন তাঁর খেলোয়াড়ি জীবনের এক টুকরো বিজ্ঞাপন।
সেই আঁটসাঁট ডিফেন্স, নিখুঁত স্ট্রেট ড্রাইভ। সেই হাই-এলবো কভার ড্রাইভ, যেটি ছিল তাঁর ট্রেডমার্ক। শেষ দিকে কিছু লফটেড শটও খেললেন। যদিও খুব বেশি দূর নিতে পারলেন না। এমনিতেই লফটেড শট তাঁর ধাতে ছিল না কখনোই। খেলা ছাড়ার এত দিন পর কেন থাকবে! লঙ্কান ক্রিকেটে তিনি বিশুদ্ধ ব্যাটিংয়ের প্রতীক—মারভান আতাপাত্তু।
সময়ের বাস্তবতায় বিশুদ্ধ ব্যাটিংয়ের প্রতীককেই এখন শেখাতে হয় মারদাঙ্গা ব্যাটিংয়ের তুকতাক। দলের সহকারী কোচ তিনি, মূল দায়িত্ব ব্যাটিং কোচের। অর্ধডজন টেস্ট ডাবল সেঞ্চুরির অভিজ্ঞতা থেকে নিজের ধৈর্যের মন্ত্র যেমন এই সময়ে তরুণদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেন, শিক্ষকের ভূমিকায় তেমনি ধারণ করতে হয় টি-টোয়েন্টির চাঞ্চল্যকেও। নিজের ব্যাটিং দর্শনের বিপরীত কিছুর শিক্ষা কীভাবে দেন?
প্রশ্ন শুনে ঠোঁটে সামান্য হাসি খেল গেল আতাপাত্তুর। একটু ঘুরিয়ে-ফিরিয়ে বুঝিয়ে দিলেন ব্যাটিং দর্শনকে ভেঙে গড়েছেন সময়ের চাহিদায়, ‘টি-টোয়েন্টি হলো ঠিক সময়ে ঠিক কাজটি করার জন্য ঠিক লোকটিকে বেছে নেওয়া আর কাজে লাগানো। সঠিক মানসিকতা আর চাপের মধ্যে পারফর্ম করতে পারাটাও জরুরি। খেলাটা এত গতিশীল যে স্বাধীনভাবে নিজেকে মেলে ধরতে হয়। যারা এসব ভালো পারে, তারাই সফল হয়। মাত্র ১২০ বলের খেলা, ব্যাটসম্যানদের জন্য তো থিতু হওয়ারই সুযোগ নেই। ধৈর্যের চেয়ে বেশি জরুরি এখানে দ্রুত রান করার দক্ষতা, আর সে জন্য অনেক পথই বেছে নিতে হয়।’
টি-টোয়েন্টি ক্রিকেটের দারুণ একটি বিজ্ঞাপন ছিল পরশুর ম্যাচটিও। পরতে পরতে ছিল রোমাঞ্চ, ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। আগের রাতের রোমাঞ্চ আতাপাত্তুর সঙ্গী ছিল কালও, ‘টি-টোয়েন্টির ধরনটাই এমন, শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ বলে কোনো কথা নেই। আমরা জানতাম সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ টেস্টের চেয়ে অনেক ভালো দল। ওরা ভালোও খেলেছে। এক-দুই ওভারে রং বদলে যায়, একটি-দুটি ভুল বা কিছু এদিক-সেদিক হলেই ম্যাচের ভাগ্য ঘুরে যায়। আমরা খুশি যে কাল রাতে (পরশু) সঠিক ড্রেসিংরুমটিতেই ছিলাম।’
এক-দু ওভার নয়, আসলে একটি বল এদিক-সেদিক হলেই অন্য রকম হতে পারত ম্যাচের ফল। শেষ বলে থিসারা পেরেরার অমন ফুলটসের পরও লঙ্কানরা স্বস্তিতে মাঠ ছাড়তে পেরেছে এনামুল হক শটটি ঠিকমতো খেলতে না পারায়। আম্পায়ারের নো-বল না ডাকা প্রসঙ্গে আতাপাত্তুর উত্তর অনুমিতভাবেই ছিল কেতাবি, ‘দেখুন আম্পায়ারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়, ক্রিকেটার, প্রশাসক, কোচ বা কারও আম্পায়ারিং নিয়ে কথা বলা উচিত নয়। আর খেলাটার ধরনই তো এমন, এভাবেই চলে আসছে, এভাবেই থাকবে। সিদ্ধান্ত পক্ষে আসুক বা বিপক্ষে, মেনে নেওয়ার মতো দৃঢ় মানসিকতার হতে হবে আমাদের।’
ম্যাচ জিতলেও লঙ্কানরা অবশ্য বুঝে গেছে সাদা পোশাকের বাংলাদেশ ও রঙিন পোশাকের বাংলাদেশ এক নয়। আজকের ম্যাচের আগে তাই দারুণ সমীহ আতাপাত্তুর কণ্ঠে, ‘সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ বিপজ্জনক দল, বিশেষ করে দেশের মাটিতে। প্রাপ্য শ্রদ্ধা ও সম্মান ওদের দিতেই হবে। কালও (আজ) জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের।’
সেরাটা খেলার জন্য নেপথ্যে থেকে দলকে প্রস্তুত করে যাচ্ছেন আতাপাত্তু। আদর্শ টেস্ট ব্যাটসম্যান এখন টি-টোয়েন্টির ছক কাটেন!