আতিথেয়তা ফেরত দিচ্ছে না জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো অনুরোধই রাখল না জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)। একটি প্রস্তুতি ম্যাচ বাড়ানো, পূর্বনির্ধারিত সূচিতে থাকা তিন দিনের ম্যাচটিকে চার দিনের করা, সফর চার দিন সম্ভব না হলে অন্তত দুই দিন এগিয়ে আনা—সব অনুরোধই কোনো না কোনোভাবে প্রত্যাখ্যাত। বাংলাদেশ দল তাই জিম্বাবুয়ে যাচ্ছে সেই আগের তারিখেই, ২৭ জুলাই।বিসিবির পক্ষ থেকে শেষ অনুরোধ ছিল, ৩০ জুলাই শুরু সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটাকে তিন দিনের পরিবর্তে চার দিনের করা। সেটি হলে দুই দিন আগে জিম্বাবুয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ দল। এই প্রস্তাব জেডসিইউ মানতে চেয়েছে শর্ত সাপেক্ষে। কিন্তু শর্তটা একটু বিস্ময়করই। বোর্ড সূত্রে জানা গেছে, বাড়তি দুই দিনের জন্য বিসিবির কাছে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছে জেডসিইউ!এই দুই দিনের হোটেল খরচ ও দৈনিক ভাতা বিসিবিই দিতে চেয়েছিল। জিম্বাবুয়ে ৩০ হাজার ডলার চেয়েছে এর বাইরে অনুশীলন সুবিধা, নিরাপত্তা ও অন্যান্য খরচের জন্য। বিসিবির কাছে এই খরচটা একটু বেশিই মনে হচ্ছে। আর সে কারণেই সফর শুরু হচ্ছে আগের তারিখে। প্রস্তুতি ম্যাচ হবে তিন দিনেরই।বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন অবশ্য বাড়তি টাকাটাই মূল কারণ নয় বলে জানিয়েছেন, ‘টাকা দিতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু দেখা গেল, এত টাকা দিয়েও আবহাওয়ার কারণে ম্যাচটা শেষ পর্যন্ত ঠিকভাবে হলো না। সবকিছু চিন্তা করেই আসলে আমরা ২৭ তারিখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে এক দিন বাড়তি থেকে গিয়েছিল জিম্বাবুয়ে এবং সেই বাড়তি দিনের হোটেল খরচ বিসিবিই দিয়েছিল। জিম্বাবুয়ের বাংলাদেশ ছাড়ার দিনের দৈনিক ভাতাও। অথচ এবার শেষ দিনের ভাতাটাও দিতে রাজি নয় জেডসিইউ! জিম্বাবুয়ের কাছ থেকে আতিথেয়তা ফেরত না পাওয়ায় বিসিবি একটু হতাশই। যদিও এনায়েত হোসেন বিষয়টা দেখছেন অন্যভাবে, ‘বাংলাদেশ অনেক দিন পর টেস্টে ফিরবে। ওরা হয়তো চাচ্ছে না, আগে গিয়ে আমাদের ছেলেরা ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিক।’