আতিথেয়তায় মুগ্ধ ইতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাগেস্তান রাজ্যটি সম্পর্কে আগে কিছুই জানতেন না স্যামুয়েল ইতো। যেমন খুব একটা ধারণা তাঁর ছিল না আনঝি মাখাচকালা সম্পর্কেও। কয়েক দিনের ব্যবধানে দৃশ্যপট সব পাল্টে গেছে। ইন্টার মিলানের সঙ্গে ইতালির পাট চুকিয়ে ইতো এখন রাশিয়ার দাগেস্তানে, যে রাজ্যটি একসময় খবরে আসত যুদ্ধবিগ্রহের কারণে।চারবারের আফ্রিকান বর্ষসেরা ইতো তিন বছরের চুক্তিতে চলে এসেছেন আনঝির খেলোয়াড় হয়ে। পরশু প্রথম অনুশীলনে নেমেছেন নতুন সতীর্থদের সঙ্গে। আর ক্যামেরুনের এই তারকা স্ট্রাইকারকে এক নজর দেখতে হাজির ৫ হাজার দর্শক!এমন অভ্যর্থনায় রীতিমতো মুগ্ধ নিজেকে ‘বিশ্ব নাগরিক’ ঘোষণা করা ইতো, ‘আমি একজন বিশ্ব নাগরিক। ক্যামেরুন ছেড়েছিলাম অভিন্ন একটা স্বপ্ন নিয়ে: আমাকে ফুটবলার হতে হবে। এখন যেখানেই থাকি না কেন, আমার একটাই চাওয়া, যেন সুখে থাকি। আর এ রকম অভ্যর্থনা পাওয়ার পর কে না সুখে থাকে? প্রথমবার এসেই যে অভ্যর্থনা পেয়েছি, তাতে আমি সত্যিই বিস্মিত।’বছরে ২ কোটি ৫ লাখ ইউরোর এই চুক্তি ইতোকে বিশ্বের সবার্ধিক বেতনভোগী খেলোয়াড় বানিয়ে দিচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি দুজনেরই বার্ষিক বেতন ২ কোটি ডলার।