সতীর্থদের চোটেই প্রথম একাদশে সুযোগ। কাল এভারটনের আন্তোলিন আলকারাজ গোলও পেয়ে গেলেন ৫৩ সেকেন্ডেই। কোনো উদ্যাপন নেই। প্যারাগুইয়ান ডিফেন্ডার যে নিজেদের জালেই বল জড়িয়ে গোল উপহার দিয়েছেন প্রতিপক্ষ সাউদাম্পটনকে। যেটি গত তিন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্রুততম আত্মঘাতী গোল। ২০১০-১১ মৌসুমে ৪৫ সেকেন্ডেই প্রতিপক্ষকে গোল উপহার দিয়েছিলেন উলভারহ্যাম্পটনের রিচার্ড স্টিয়ারম্যান। ইংল্যান্ডের শীর্ষ লিগে দ্রুততম আত্মঘাতী গোলের ‘কীর্তি’ স্টিভ বোল্ডের। ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি আর্সেনাল-শেফিল্ড ওয়েনসডের ম্যাচে মাত্র ১৫ সেকেন্ডেই নিজেদের জালে বল পাঠিয়ে দেন আর্সেনাল ডিফেন্ডার।