আত্মঘাতী গোলে উদ্ধার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালের প্রথম গোল দিয়েছিলেন চেস্টার। পরে তাঁরই আত্মঘাতী গোলে ডুবল হাল সিটি! ছবি:রয়টার্স
হালের প্রথম গোল দিয়েছিলেন চেস্টার। পরে তাঁরই আত্মঘাতী গোলে ডুবল হাল সিটি! ছবি:রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখে বোঝার উপায় নেই, গত পাঁচ ম্যাচ কি দারুণই না খেলছে ডেভিড ময়েসের দল। লিগের আজকের ম্যাচে হাল সিটির বিপক্ষেও জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এটি নিয়ে চলতি মৌসুমে লিগ, চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপে টানা পাঁচ ম্যাচ জয় পেল ইউনাইটেড। তবে হালের বিপক্ষে জয় পেতে বেশ বেগই পেতে হয়েছে রেড ডেভিলদের।

খেলার চার মিনিটেই ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন হালের জেমস চেস্টার। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড মাইলর। ১৩ মিনিটে ম্যাচের ফল দাঁড়ায়— হাল: ২, ম্যান ইউনাইটেড: ০! রেড ডেভিলদের ম্যাচে ফেরান ক্রিস স্মলিং। ১৯ মিনিটে প্রথম গোল পায় ইউনাইটেড। ২৬ মিনিটে ইউনাইটেডের পক্ষে দ্বিতীয় গোল করেন ফর্ম ফিরে পাওয়া ওয়েইন রুনি। ৯ গোলে লিগে রুনির অবস্থান তিনে।

ইউনাইটেডের ভাগ্য ফেরে ৬৬ মিনিটে, হালের জেমস চেস্টারের আত্মঘাতী গোলে! ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে। লিগে টানা তৃতীয় জয় পেলেও পয়েন্ট টেবিলে অবস্থান খুব একটা সুবিধার নয়। ১৮ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে রুনিদের অবস্থান ছয়ে। রয়টার্স ও ওয়েবসাইট।