আত্মঘাতী গোলে জয় ব্রাজিলের
টানা পাঁচ ম্যাচে জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামা ব্রাজিল জয় নিয়ে মাঠ ছেড়েছে পরশুও। সুইজারল্যান্ডে বসনিয়ার বিপক্ষে মানো মেনেজেসের দল জিতেছে ২-১ গোলে। তবে ম্যাচ শেষে জয়ের তৃপ্তির চেয়ে ব্রাজিল কোচের কণ্ঠে অস্বস্তিই ঝরেছে বেশি।বসনিয়ার মতো দলের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়টি যে আত্মঘাতী গোলে! অতিরিক্ত সময়ে বসনিয়ানদের সর্বনাশটা করেছেন সাসা প্যাপাক। হালকের নিচু ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে বসনিয়ান ডিফেন্ডার বল টেনে নেন নিজেদের জালে!দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট ব্রাজিল কোচ হতাশাটা উগরে দিয়েছেন ম্যাচ শেষে, ‘আমরা পুরো ম্যাচেই চূড়ান্ত পাসটি দিতে ভুল করেছি। মাঝমাঠে লোক বাড়িয়ে সব সময় আক্রমণ করার চেষ্টা করেছি। এতে পাল্টা আক্রমণে আমরা বিপদে পড়ে গেছি।’ রোনালদিনহো আর চেলসি ডিফেন্ডার ডেভিড লুইসের বিরুদ্ধে রাগটা গোপন করতে পারেননি মেনেজেস। রোনালদিনহো সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমার মনে হয়, তার স্বাভাবিক মানের চেয়ে সে খারাপ খেলেছে।’রোনালদিনহো ২০১৪ বিশ্বকাপ পরিকল্পনার অংশ—সাবেক বার্সেলোনা ও এসি মিলান প্লে-মেকারকে আবার জাতীয় দলে ফিরিয়ে এনে অনেকবারই বলেছেন মেনেজেস। কিন্তু ৩১ বছর বয়সী তারকা পরশু মাঠে ছিলেন নিজের ছায়া। ফাইনাল পাসটা ঠিকঠাক দিতে পারেননি। লুইস তো ভুল করে দলকে গোলই খাইয়েছেন!৪ মিনিটে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো এগিয়ে দেন ব্রাজিলকে। ৯ মিনিট পরই লুইসের ভুলে বসনিয়াকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এডিন জেকো। কদিন আগে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চেলসি সমর্থকদের হতাশ করেছেন লুইস। তার পরও মেনেজেস তাঁর ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু সেই আস্থার প্রতিদানে ২৪ বছর বয়সী ডিফেন্ডার ভুল করে গোল খাইয়েছেন দলকে!অবশ্য দায় গোলরক্ষক হুলিও সিজারও এড়াতে পারেন না। কারণ, জেকোর শটটি তাঁর গ্লাভসে লেগে ঢুকে যায় জালে। এরপর সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু গোল আর আসছিল না। অবশেষে ইনজুরি সময়ে ব্রাজিল কোচকে জয়সূচক গোলটি উপহার দেন প্যাপাক।নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে দ্বিতীয়ার্ধে রোনালদিনহোকে তুলে নেন মেনেজেস। রয়টার্স।