আত্মঘাতী গোলে হারল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের প্রথম ৬ মিনিটে চারটি কর্নার আদায় করে নিল ভারত। মনে হচ্ছিল, পাকিস্তান বোধ হয় উড়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বীর সামনে। কিন্তু পাকিস্তান বুক চিতিয়ে লড়েছে। গোল করার সুযোগ পেয়েছে অনেক। গোল তো পেলই না, উল্টো আত্মঘাতী গোল খেয়ে হেরে গেল ভারতের কাছে (১-০)। 

১৪ মিনিটে পাকিস্তানের বক্সে ক্রস তুলেছিলেন ভারতের ফ্রান্সিসকো। সেই বল ক্লিয়ার করতে গিয়ে তালগোলে নিজেদের জালেই পাঠিয়ে দিয়েছেন অধিনায়ক সামার ইসহাক। দ্বিতীয়ার্ধে ভারত ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে বটে, কিন্তু নিশানায় বল রাখতে পারেননি বেশ কয়েকবার। যে কারণে এক গোলের জয় নিয়েই খুশি থাকতে হয়েছে সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নদের। পাকিস্তান হারলেও একেবারে গোনায় ধরার বাইরে নয়, সেটি বোঝা গেছে গোটা ম্যাচেই।

ভারত এমন দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারেনি যে তাদের অজেয় ভেবে অন্যরা আগেই হেরে বসবে। এটা ঠিক ভারত গ্রুপ ফেবারিট। তবে কাল সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তান অন্তত একটা পয়েন্ট পেতেই পারত। সেটি না পাওয়ার আক্ষেপেই পুড়ল জেশ রহমানসহ আরও চার ‘বিদেশি’ নিয়ে নামা পাকিস্তান। এই দলটা যে বাংলাদেশকেও ভোগাবে, সেটি কিন্তু বলেই দেওয়া যাচ্ছে।