আত্মতুষ্ট নন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে প্রায় জেতা ম্যাচে নাটকীয়ভাবে ১ রানের হার। তবে ওই হতাশা পেছনে ফেলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। পরশু দুবাইতে দ্বিতীয় ম্যাচে ৬৬ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে (১-১)। কিন্তু অধিনায়ক মিসবাহ-উল-হক বলছেন, জিতেছেন বলেই আয়েশে গা এলিয়ে দেওয়াটা ঠিক হবে না। আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সরল স্বীকারোক্তি, দলের ব্যাটিং তাঁকে চাপে ফেলে দিয়েছে।
জিতলেও ব্যাটিং নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তাটা এখনো রয়েই গেছে। প্রথম ম্যাচে ১৮২ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান পরশু করতে পারে ২০৯ রান। মিসবাহ বললেন, সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো করতে হলে ব্যাটিংয়ের দুর্বলতাগুলো খুঁজে বের করে সংশোধন করতে হবে, ‘জিতেছি বলেই আমাদের গা ভাসিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমাদের এখনো উন্নতি করতে হবে। আমাদের ব্যাটসম্যানদের শুরুটা ভালো হচ্ছে। কিন্তু ইনিংসটা টেনে নিতে পারছে না। কাজেই ব্যাটিংটা শোধরাতে হবে।’
ছোট পুঁজি নিয়েও পাকিস্তানি বোলাররা দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছেন মাত্র ১৪৩ রানে। আফ্রিদি ২৬ রানে ৩টি, মোহাম্মদ ইরফান ৫৩ রানে ৩টি, আজমল ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। সোহেল তানভির, হাফিজও নিয়েছেন একটি করে উইকেট। ৩ উইকেটের সঙ্গে ব্যাট হাতেও ২০ বলে ২৬ রান করে ম্যাচসেরা আফ্রিদি। মিসবাহ জয়ের পুরো কৃতিত্বই দিয়েছেন বোলারদের, ‘সত্যিই অসাধারণ পারফরম্যান্স ছিল এটা। বিশেষ করে, অল্প রানের পুঁজি নিয়ে। বোলাররা আবারও আমাদের হয়ে কাজটা ঠিকঠাকভাবে করেছে।’ তবে মিসবাহর মতে, আমিরাতের উইকেটে ২০০ পেরোনো স্কোর করলে জয়ের আশা করা যায়।
ডি ভিলিয়ার্সও কৃতিত্ব দিলেন পাকিস্তানি বোলারদের। উদ্বেগ জানালেন নিজেদের ব্যাটিং নিয়ে। তাঁর শঙ্কাটা অমূলক নয়। শারজায় নাটকীয় জয় পেলেও রান করেছিল ১৮৩। পরশু দেড় শও ছুঁতে পারেনি। ১৪৩, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। সর্বনিম্ন ১০১, শারজায় ২০০০ সালে। সর্বশেষ সাত ম্যাচের পাঁচটিতেই ২০০-এর নিচে অলআউট দক্ষিণ আফ্রিকা।
আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচ ৬ নভেম্বর। এএফপি, ওয়েবসাইট।