আত্মতুষ্টিকে ভয় দেল বস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়ে গেল বিশ্বকাপের বছর। পরশু পুরোনো বছরের শেষ দিনে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক তাঁর ভাবনার দরজা খুলে প্রথমেই খেলোয়াড়দের সতর্ক করে দিলেন আত্মতুষ্টিতে না ভুগতে।
২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো—বিশ্ব ফুটবলের সর্বশেষ তিন বড় টুর্নামেন্টই জিতেছে স্পেন। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোর শিরোপা দেল বস্কের হাত ধরেই। ধারাবাহিক এই সাফল্যের পর একটা দলকে আত্মতুষ্টি পেয়ে বসাটা খুবই স্বাভাবিক। থাকে দাম্ভিকতা চেপে বসার সম্ভাবনাও। ব্রাজিল বিশ্বকাপ সামনে রেখে দেল বস্কের ভয় এটাই। খেলোয়াড়দের তাই সতর্ক করে দিচ্ছেন, ‘আমাদের অতীতকে ভুলে যেতে হবে। আগে কী জিতেছি, তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আর বিনয় ফাঁপা কোনো শব্দ নয়। আমার মতে, এটাই সাফল্যের পথ।’ এএফপি।
পরশু স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে স্পেন কোচ এটাও বলেছেন, ‘খেলোয়াড়েরা অনেক কিছু জিতেছে, প্রায় সবই। কাজেই এবার তাদের দৃষ্টিভঙ্গি পাঁচ বা ছয় বছর আগের মতো নয়। আমার ভয়টা সেখানেই।’ তার মানে স্পেন শিরোপা ধরে রাখতে পারবে না? নিজেদের শিরোপার অন্যতম দাবিদার মানছেনও দেল বস্ক, তবে অন্য দলগুলোকেও খাটো করে দেখছেন না, ‘আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী। অন্যরাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা ও চিলি। এরপর ইউরোপের জার্মানি, হল্যান্ড ও পর্তুগালের মতো দলগুলো। কাজটা সহজ হবে না। আমাদের সব প্রতিপক্ষকেই শ্রদ্ধা করতে হবে।’