আত্মধ্বংসী ব্যাটিংয়ে আইরিশদের কাছে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে হেরে গেলে সেটিকে বড় করে না দেখানোই নিয়ম। আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে যাওয়ার পর সাকিব আল হাসানও সেই চেষ্টাই করলেন, ‘প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা বরং নিজেদের দুর্বলতা খুঁজে বের করার সুযোগ।’প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়ের অর্থ জয়ী আর পরাজিত দলের কাছে সাধারণত পুরো বিপরীত হয়ে থাকে। আয়ারল্যান্ড যে প্রস্তুতি ম্যাচের ফলাফলটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে, এতে তাই কোনো বিস্ময় নেই। জয়ের পর আইরিশ ড্রেসিংরুম থেকে বিজয়সংগীত বাইরে উপচে পড়ল। ‘আয়ারল্যান্ডস্ কল’ নামের গানটা রাগবি দল থেকে ধার নেওয়া, যেটির প্রথম চার লাইন এ রকম—কাম দ্য ডে/ অ্যান্ড কাম দ্য আওয়ার/ কাম দ্য পাওয়ার/ কাম দ্য গ্লোরি।প্রস্তুতি ম্যাচের জয়কে ‘গ্লোরি’ মনে করে গলা ফাটিয়ে বিজয়সংগীত গাওয়ার কমপক্ষে তিনটি কারণ আছে। প্রথম কারণ তো অবশ্যই এটা যে, জয়টা বাংলাদেশের সঙ্গে। যাদের বিপক্ষে খেলতে নামলে প্রতিদ্বন্দ্বিতার বাড়তি একটা ঝাঁজ অনুভব করে আইরিশরা। দ্বিতীয় কারণ, কিছুদিন আগেই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ হোয়াইটওয়াশ হওয়ার জ্বালা। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ, আয়ারল্যান্ডের এই জয় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নবজীবন পাওয়ার মতো।বাংলাদেশের ইনিংসের অর্ধেকটা শেষ হতেই ম্যাচও শেষ বলে মনে হচ্ছিল। শেষ ১০ ওভারে ৬২ রান দরকার, হাতে ৮ উইকেট—বড় দলের বিপক্ষেও এখান থেকে ম্যাচ হারা কঠিন। অথচ আয়ারল্যান্ডের খুবই সাধারণ বোলিংয়ের বিপক্ষেই তা করার অসীম কৃতিত্ব দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ বলে ৩ উইকেট হারিয়ে ধসে পড়েছিল মিডল অর্ডার। এখানে কেভিন ও’ব্রায়েন তাঁর বন্ধুসুলভ মিডিয়াম পেসে ১০ বলের মধ্যে তুলে নিলেন মুশফিকুর, নাসির ও মাহমুদউল্লাহকে। তার পরও ম্যাচটা বাংলাদেশেরই হাতে ছিল। ৩৮ বলে ৩৯ কোনো ব্যাপার নাকি!জিম্বাবুয়ের বিপক্ষে উদ্ধার হয়ে এসেছিলেন জিয়াউর রহমান। মাশরাফির সঙ্গে ২৯ রানের জুটিতে আবারও দেখা দিয়েছিলেন আশা হয়ে। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে চাই ১২ রান—তখনো ফেবারিট বাংলাদেশ। সর্বনাশটা হলো ১৯তম ওভারে। দ্বিতীয় বলে মাশরাফি আউট, ওভারের শেষ চারটি বল ‘ডট’ দিয়ে ফেললেন সানি। তার পরও জিয়াউর স্ট্রাইকে ছিলেন বলে শেষ ওভারে ১০ রান এমন কঠিন কিছু বলে মনে হচ্ছিল না। জনস্টনের তৃতীয় বলে জিয়াউর লং অনে ক্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজটা অসম্ভব হয়ে গেল।মুরস ক্রিকেট ক্লাব মাঠটা খুব ছোট। উইকেট থেকে বাউন্ডারি ৫০ গজের মতো হবে। সাকিব যতক্ষণ ব্যাটিং করছিলেন, সেটিকে মনে হচ্ছিল আরও কাছে। ২৩ বলে ৫২ রানের ইনিংসে ৫টি ছক্কা ও ৩টি চার। দুই দিন আগে আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল। সাকিবের হাতে চরম নিগ্রহের শিকার হয়ে বেচারা মাত্র এক ওভারই করতে পারলেন। সেই ওভারে ১৯ রান। সাকিবই নিলেন ১৮, যাতে ছিল দুটি ছক্কা ও একটি চার। যার একটি মাঠের পাশে রাস্তায় গিয়ে পড়ে হারিয়ে গেল।এর আগে পল স্টার্লিংয়ের এক ওভারে দুটি ছক্কা মেরে মাহমুদউল্লাহর কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বাংলাদেশের ইনিংসে সাকিব যা করেছেন, আয়ারল্যান্ডের ইনিংসে স্টার্লিংও এর কাছাকাছি। ৪১ বলে ৭১ রানের ইনিংসে তাঁরও পাঁচ ছক্কা, যার তিনটি মাহমুদউল্লাহর পরপর তিন বলে। ওভারের প্রথম তিন বলেই ছক্কার পর চতুর্থ বলে ২, মাঝখানে একটি ডট বল, শেষ বলে চার—এক ওভারে ২৪ রান দিয়ে মাহমুদউল্লাহর বোলিংয়ের সেখানেই সমাপ্তি।ওই ঝড়ের পর ১১ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ১০৯, তখন দুই শর কাছাকাছি কিছু হয়ে যাওয়ার আশঙ্কা। বাংলাদেশের বোলাররা ফিরলেন দুর্দান্ত প্রতাপে। শেষ ৯ ওভারে মাত্র ৩টি চার, শেষ ৫ ওভারে একটিও না। মূল কৃতিত্বটা সাকিবের। প্রথম ওভারে ৬ রান দিয়েছিলেন, পরের তিন ওভারে দিলেন মাত্র ১৫। ১৭তম ওভারে ২ রান দিয়ে ২ উইকেট। ১৯তম ওভারে মাশরাফিও তা-ই।২১ রানে ২ উইকেট নেওয়ার পর ২৩ বলে ৫২—টি-টোয়েন্টির বিচারে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স। তার পরও পরাজিত দলে থাকতে হওয়ার যন্ত্রণাটা বুকে গিয়ে লাগার কথা। সেটি গোপন করতে সাকিব যেন সান্ত্বনা খুঁজতে চাইলেন, ‘এই হারটা আমাদের জাগিয়ে তুলবে। হারলে বেশি শেখা যায়।’তবে ভেতরের ঝাঁজটা ঠিকই বেরিয়ে এল কেভিন ও’ব্রায়েনের মন্তব্য শোনার পর। সাংবাদিকেরা ‘প্রতিশোধ’ শব্দটা ব্যবহার করলে ক্রিকেটাররা সচরাচর আপত্তি করেন। অথচ কাল ম্যাচ শেষে কেভিন ও’ব্রায়েন নিজে থেকেই তা বলে ফেললেন। দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ায় এই জয় একটু বেশি মধুর কি না, প্রশ্ন করায় বললেন, ‘প্রতিশোধও বলতে পারেন।’ দুই দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই বলেও তাঁর দাবি। শুনে সাকিবের মুখে বিদ্রূপের হাসি, ‘কদিন আগে ওদের হোয়াইটওয়াশ করেছি। এর পরও যদি ওরা এ কথা বলতে চায়, বলুক।’ওই হোয়াইটওয়াশের সিরিজে দুটি ম্যাচ শেষ ওভারে নিষ্পত্তি হয়েছে, ও’ব্রায়েন এটাও মনে করিয়ে দিয়েছেন শুনে সাকিবের পাল্টা তির, ‘টি-টোয়েন্টি তো শেষ ওভারেই ডিসাইড হয়।’সুপার এইটে আবার বাংলাদেশের সঙ্গে দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন কেভিন ও’ব্রায়েন। সত্যিই যদি তা হয়, সেই ম্যাচে মনে হচ্ছে আগুনের ফুলকি ছুটবে!সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৬ (স্টার্লিং ৭১, জয়েস ৩৯, পর্টারফিল্ড ১৭, উইলসন ১৩, জনস্টন ১০*; মাশরাফি ৪-০-৩৩-২, রাজ্জাক ৪-০-৩৪-০, সাকিব ৪-০-২১-২, শফিউল ৩-০-২৭-০, সানি ৪-০-২১-১, মাহমুদউল্লাহ ১-০-২৪-০)।বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৯ (তামিম ৩৫, আশরাফুল ৭, সাকিব ৫২, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ৭, নাসির ১, জিয়াউর ২৬, মাশরাফি ১৪, সানি ১*, রাজ্জাক ০, শফিউল ১*; কেভিন ও’ব্রায়েন ৩/২৪, জনস্টন ২/২৫, কুসাক ২/২৮)। ফল: আয়ারল্যান্ড ৫ রানে জয়ী।