আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি-যুদ্ধে নামার আগে এ সপ্তাহে বায়ার্ন মিউনিখের নড়বড়ে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার কাজটাই হবে আসল। এমনটাই বলছেন বায়ার্নের সভাপতি উলি হোয়েনেস। লিগের পর জার্মান কাপের ফাইনালেও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গেছে বায়ার্ন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৫-২ গোলের হারে স্বাভাবিকভাবেই বায়ার্নের আত্মবিশ্বাস তলানিতে। কিন্তু আগামী শনিবারই চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ম্যাচটি বায়ার্ন খেলবে নিজেদের মাঠে। ১৯৬৫ সালে ইন্টার মিলানের পর প্রথম দল হিসেবে নিজেদের মাঠে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাভারিয়ানরা। কিন্তু সেজন্য তো আত্মবিশ্বাসের পারদটা উঁচুতে ওঠানো চাই। সেই চেষ্টাই করছে বায়ার্ন। শুধু কোচ নন, হোয়েনেস বলছেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জোগান দিতে কাজ করছে ক্লাবের সবাই, ‘বিশ্বাস করুন, পুরো ক্লাবই এ সপ্তাহে দলের আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। বার্লিনের ফাইনালের আগে আমার অভিমত ছিল, চেলসির ম্যাচে মাথা উঁচু করে যাওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনকার প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘদিন ধরে আমরা স্থির দৃষ্টিতে ১৯ মের দিকে তাকিয়ে আছি। এখানে ক্যারিয়ারে আপনি অনেকবারই জার্মান কাপের ফাইনালে উঠতে পারবেন। কিন্তু একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আসে সম্ভবত একবারই।’বায়ার্ন ইউরোপ-সেরার মুকুট মাথায় তুলেছে চারবার। চারবারই হোয়েনেস এই জয়ের অংশ। ১৯৭৪ থেকে ১৯৭৬—বায়ার্নকে টানা তিনবার ইউরোপ-সেরা করেছেন খেলোয়াড় হিসেবে। ২০০১ সালে বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্নের মহাব্যবস্থাপক ছিলেন ৬০ বছর বয়সী হোয়েনেস। এবার আরেকবার শিরোপা চান সভাপতি হিসেবে, ‘এটা হবে বায়ার্ন মিউনিখের ইতিহাসের উজ্জ্বল এক মুহূর্ত। এ ক্লাবটির অসাধারণ মুহূর্তগুলোর একটি আপনাকে জানাবে এটি।’ প্রতিপক্ষ চেলসি সম্পর্কে তাঁর কথা, ‘চেলসির পিঠ ঠেকে গেছে দেয়ালে। কারণ লিগে পুরো মৌসুমেই তাদের উত্থান-পতন গেছে। যদি তারা ফাইনালে হারে, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না। আমরা সবাই জানি, চেলসির মতো দলের জন্য এর অর্থ কী। কেউ যদি মনে করে, আমরা ইতিমধ্যেই এই ম্যাচ জিতে গেছি, সেটা নিশ্চিতই ভুল ভাবা হবে।’ এএফপি।