আত্মবিশ্বাসই প্রেরণা: মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হার। এর পর বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয়। মিরপুরে কাল শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশ উঠে যাবে এশিয়া কাপের ফাইনালে।আগের দুই ম্যাচের পারফরম্যান্সে বাংলাদেশ দল যথেষ্ট আত্মবিশ্বাসী, বলার অপেক্ষা রাখে না। কালকের ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসকেই প্রেরণা হিসেবে দেখছেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে আজ অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘জিততেই হবে এমন চাপ নিচ্ছি না। পর পর দুই ম্যাচে ভালো খেলে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসই বাংলাদেশের প্রেরণা। আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলব আমরা।’মাশরাফি বলেন, ‘শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল। সে কারণে ক্রিকেটারদের চাপ দেওয়ার কিছু নেই। আবার তাঁদের চাপ নেওয়ারও কিছু নেই। খেলোয়াড়েরাও কেউ এভাবে ভাবছেন না। টুর্নামেন্ট শুরুর আগে পরিকল্পনা যা ছিল, এখনো তা-ই আছে। আমরা প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে নেমেছি, এই ম্যাচেও তাই নামব। বাড়তি কোনো চাপ নেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই।’দুই ম্যাচের দুটিতেই হারা শ্রীলঙ্কা সম্পর্কে মাশরাফি বলেন, ‘শিরোপা জেতার মতো দল নিয়েই এসেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটের চেয়েও ভালো কিছু করতে হবে।’মাশরাফি বলেন, ‘বোলাররা যদি ভালো বল করতে পারে, তাহলে ব্যাটসম্যানদের কাজ অনেক সহজ হয়ে যাবে। ২৬০-২৭০ রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে পারলে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবেন।নিজেদের পারফরম্যান্সের ওপর জোর দিয়ে মাশরাফি বলেন, ‘দুই-তিনজন ভালো পারফর্ম করলেও জেতার মতো দল আমরা হইনি। ভারতের বিপক্ষে পাঁচজন ব্যাটসম্যান রান পেয়েছেন। জিততে হলে আমাদের পাঁচ-ছয়জনকে ভালো পারফর্ম করতে হবে। দলের সবারই অবশ্য ভালো খেলার সামর্থ্য রয়েছে।’ বাসস।