
৪ ম্যাচে ৭ উইকেট। ওভারপ্রতি রান ৪.৭৬ করে। প্রথম দুটি ম্যাচে অমিত মিশ্র তাঁকে আড়ালে ঠেলে দিলেও ভারতের সর্বশেষ দুটি ম্যাচেরই সেরা রবিচন্দ্রন অশ্বিন। কাল সংবাদ সম্মেলনে এসে তাই যখন দাবি করলেন তিনি ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, কথাটাকে বাড়াবাড়ি মনে হলো না। সেমিফাইনালের আগে ভারতের যে দুজন স্পিনারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি আলোচনা করার কথা তাঁদের একজন তিনি। ডু প্লেসিসের দলের ভাবনাটা আরও বাড়বে অশ্বিনের পরের কথাগুলো শুনলে, ‘এখন আমি বল যেখানে ফেলতে চাই ঠিক সেখানেই পড়ছে। এ রকম ছন্দ যখন পেয়ে যাই, আমার অনুশীলনও করতে হয় না। আমার মনে হয় আমি এখন সেই অবস্থায় আছি।’
ছন্দে অবশ্য অমিত মিশ্রও আছেন। টেস্ট ও ওয়ানডে দলে আসা-যাওয়া করতে থাকা স্পিনার এই বিশ্বকাপের আগে একটিই টি-টোয়েন্টি খেলেছিলেন। সেই মিশ্রই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ। সব মিলিয়ে দলে জায়গা স্থায়ী করতে যেন অশ্বিনসহ অন্য স্পিনারদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন মিশ্র। তবে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে নিচ্ছেন অশ্বিন, ‘আসলে আমার ঘাড়ের ওপর কে নিঃশ্বাস ফেলছে, এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমি প্রতিনিয়ত উন্নতিতে বিশ্বাস করি। উন্নতি না করতে পারলে তো আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।’
মিশ্রর ফর্ম নিয়ে অশ্বিন হয়তো নিরুদ্বেগ, কিন্তু তাঁদের দুজনকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই কিছু বাড়তি চিন্তাভাবনা করতে হচ্ছে। তার ওপর মিরপুরের উইকেট তো এই বিশ্বকাপে ‘স্পিনস্বর্গ’! ঐতিহ্যগতভাবেই দক্ষিণ আফ্রিকা স্পিনে স্বচ্ছন্দ নয়। টুর্নামেন্টে এই প্রথম তারা খেলবে মিরপুরে, অন্যদিকে ভারত শুরু থেকেই খেলছে এই মাঠে। কন্ডিশনের সঙ্গে একটু বেশি মানিয়ে নেওয়ার সুবিধাটা থাকছে, তবু সেটিকে আজ খুব বড় করে দেখেন না অশ্বিন, ‘সেমিফাইনালে আসলে এসব ব্যাপার খাটে না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’
২০১১ বিশ্বকাপের পর গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও ঘরে এনেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে পারলে ‘ট্রেবল’ হয়ে যাবে। অন্যদিকে ১৯৯৮ সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট বাদ দিলে বৈশ্বিক আসরে দক্ষিণ আফ্রিকার ইতিহাস শুধুই পলায়নী মানসিকতার। বৈশ্বিক টুর্নামেন্টে নকআউট পর্বে এসেই সাধারণত চাপের মুখে ভেঙে পড়ে তারা। এ কারণেই কিনা এবার আগে থেকেই প্রতিপক্ষকে ফেবারিট বলে নিজেরা একটু নির্ভার হতে চেয়েছিলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নিজেদের ফেবারিট বলে মানতে রাজি হননি অশ্বিনও। তবে এগিয়ে থাকার ব্যাপারটা বোঝাতে গিয়ে প্রতিপক্ষকে একটু খোঁচাও দিলেন, ‘আমরা ফেবারিট নই, সেটা হতেও চাই না। তবে আমাদের ওপর হারের বোঝা নেই, হয়তো এ জায়গায় আমরা এগিয়ে আছি। বড় টুর্নামেন্টে আমরা খুব বেশি হারিনি, তাই আমাদের গায়ে দাগও থাকবে না।’