আত্মবিশ্বাসী আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনদের স্পেনের প্রতি একটু বাড়তি টান থাকায় দোষের কিছু নেই। ইউরোপে খেলা শুরু করার পর থেকে তিনজনেরই স্থায়ী ঠিকানা স্পেন। যদিও আগুয়েরো বলছেন, স্পেনের বিশ্বকাপ দল নিয়ে তাঁদের কোনো মাথাব্যথাই নেই। স্পেন গ্রুপ পর্ব পার হতে পারল কি পারল না, এ নিয়েও তাঁরা ভাবছেন না বলে দাবি আগুয়েরোর। তাঁদের মাথায় এখন নাকি শুধুই আর্জেন্টিনা, ‘স্পেন কী করল না করল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আর্জেন্টাইন। তাই শুধু আর্জেন্টিনা নিয়েই ভাবছি। স্পেন প্রথম পর্ব পার হতে পারল কি পারল না, এটা তাদের সমস্যা, আমাদের নয়।’আর্জেন্টিনার অবশ্য কোনো সমস্যাও দেখছেন না আগুয়েরো। তাঁর নিজের একটা চাওয়া আছে শুধু। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অল্প সময়ের জন্য মাঠে নেমেও ঝলক দেখানো আগুয়েরো চাইছেন, মাঠে নিয়মিত হতে, ‘লিও (মেসি) আর আমি অনেক দিন ধরে পরস্পরকে ভালো চিনি। আমরা ২০০৫ সালেও (অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ) একসঙ্গে কিছু ম্যাচ খেলেছি। অনুশীলনে ডিয়েগো (ম্যারাডোনা) বলেছিলেন, আমরা হয়তো জুটি বাঁধতে পারি।’শেষ পর্যন্ত ম্যারাডোনা সে কথা না রাখায় খুব হতাশ নন ‘জামাতা’। তিনি ভালোই বোঝেন, দলের ২৩ জনই একই রকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকে মনে করছে, গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনা ‘রিজার্ভ দল’ মাঠে নামাবে। আগুয়েরো বলছেন, যে দলই মাঠে নামুক, সেটাই হবে সেরা দল, ‘আমরা সবাই আসলে প্রথম পছন্দ। বিশ্বকাপের শুরু থেকে আমরা মাঠে নিজেদের সেরাটা দেখানোর জন্য প্রস্তুত হচ্ছি। গ্রুপের সেরা দল হতে যা কিছু করতে হয়, আমরা করব।’গ্রুপ-সেরা হয়ে দ্বিতীয় পর্বে তাঁরা কার মুখোমুখি হবেন, তা নিয়ে একটুও চিন্তা নেই আগুয়েরোদের, ‘মেক্সিকো, উরুগুয়ে বা ফ্রান্স—যারাই হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। কাকে পাব তা নিয়ে ভাবছি না।’ আগুয়েরোর এত আত্মবিশ্বাস এল কোত্থেকে? অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা বলছেন, তাঁর আত্মবিশ্বাসটা আসছে দলের আক্রমণভাগকে দেখে, ‘এখন সবাই আমাদের শ্রদ্ধা করে। সবাই জানে এই দলে মেসি, তেভেজ, হিগুয়েইন, মিলিতো ও পালেরমো আছে, আমি আছি। এর ফলে আমরা খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছি।’এই আক্রমণভাগের প্রশংসায় আর্জেন্টাইন আক্রমণভাগের খেলোয়াড়েরা মুখর হয়ে আছেন। তেভেজও যোগ দিয়েছেন এই আত্মবন্দনায়, ‘আর্জেন্টিনা এখন শুধু সামনেই এগিয়ে যাবে। আমাদের ভালো খেলোয়াড় আছে, ভালো আক্রমণভাগ আছে। আমাদের এখন আক্রমণে গিয়ে নিজেদের জাত চিনিয়ে দিতে হবে।’ এএফপি।