আত্মবিশ্বাসী কুক
দক্ষিণ আফ্রিকাকে আরও একবার ‘চোকার’ বানিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জায়গা করে নেওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ অ্যালিস্টার কুক। ইংলিশ অধিনায়কের মনে এখন শিরোপার ব্যাপারে কোনোই সন্দেহ নেই।দলকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুলে দারুণ উত্ফুল্ল কুক। আর হবেন নাই-বা কেন, তিনি যে কোনো শীর্ষ ওয়ানডে প্রতিযোগিতায় গত ২০ বছরে ইংল্যান্ডকে ফাইনালে তোলা দ্বিতীয় অধিনায়ক! ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন মাইকেল ভন। তিনি অবশ্য দেশকে শিরোপা জেতাতে পারেননি। রোববার এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে যদি দল জিতেই যায়, তাহলে কুক হবেন ইংল্যান্ডকে আইসিসি আয়োজিত শীর্ষ কোনো ওয়ানডে প্রতিযোগিতায় শিরোপা উপহার দেওয়া প্রথম অধিনায়ক। দীর্ঘদিন পর, ২০১০ সালে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংলিশরা।উপলক্ষ বলুন কিংবা মঞ্চ—অ্যালিস্টার কুক উত্তেজিত সবকিছু নিয়েই। চ্যাম্পিয়নস ট্রফি জয়টা যে ইংলিশ ক্রিকেটের জন্য বিশাল এক অর্জন—বলতে ভোলেননি সেটাও, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফি জয় ইংলিশ ক্রিকেটের জন্য বিরাট পাওয়া।’জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী কুক। দীর্ঘদিন পর শীর্ষ কোনো ওয়ানডে প্রতিযোগিতার ফাইনালে যেভাবে পৌঁছে গেছে ইংলিশরা, তা থেকে অধিনায়ক আত্মবিশ্বাসী হতেই পারেন।অ্যাশেজ লড়াই সামনেই। এর আগে, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটা হাতে নিতে পারলে দারুণ হয়। কুক অবশ্য অ্যাশেজের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির তুলনা করতে একেবারেই রাজি নন। তবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটা যে ইংলিশদের জন্য অন্য গুরুত্ব বহন করছে, সেটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই।জেমস অ্যান্ডারসন একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়াদের। নিজের দলের এই সুইং বোলারটির প্রতি দারুণ আস্থা কুকের। অ্যান্ডারসন যেভাবে ইংলিশ কন্ডিশনের পরিপূর্ণ সদ্ব্যবহার করেছেন, তাতে মুগ্ধ কুক। তিনি কোনো দ্বিধা ছাড়াই অ্যান্ডারসনকে এ মুহূর্তে বিশ্বের সেরা সুইং বোলার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বল সুইং করছে, এমন কন্ডিশনে অ্যান্ডারসন হচ্ছেন সেই বোলার, যাঁকে যেকোনো দলই পেতে চাইবে।বোলিং বিভাগে নিজ দলের ‘তুঙ্গে-বৃহস্পতিতে’ দারুণ উত্ফুল্ল কুক। কিছুদিন আগে টিম ব্রেসনান সন্তানের বাবা হওয়ায় দলের বাইরে আছেন। এই সময় ব্রেসনানের ব্যাক আপ হিসেবে স্টিভেন ফিন যেভাবে পারফরম করছেন, তা অন্যরকমই এক অনুভূতি তৈরি করছে ইংলিশ অধিনায়কের মনে। এএনআই।