আত্মবিশ্বাসী ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে প্রস্তুতি নিয়ে একটা খচখচানি আছে প্রোটিয়াদের। বৃষ্টি এসে বাগড়া দিয়ে বরবাদ করে দিয়েছে দুটো প্রস্তুতি ম্যাচ। একটি দুই দিনের ও আরেকটি তিন দিনের ম্যাচ পুরোটা খেলতে পারলে আত্মবিশ্বাসের মাত্রাটা থাকতে পারত আরও উঁচুতে। টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের আসন দখল করতে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে আত্মবিশ্বাসটা যে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দেখা দেবে, সেটা মানেন দক্ষিণ আফ্রিকা দলের অনেকেই। তবে দলের সবচেয়ে বড় তারকা জ্যাক ক্যালিস এসব নিয়ে ভাবতে চান না। আত্মবিশ্বাসের মাত্রাটা তাঁর এতটাই প্রবল যে তিনি খুশি হতেন যদি প্রথম টেস্টটা আরও দুই দিন আগে শুরু হতো।‘হ্যাঁ টেস্ট ম্যাচটা আরও দুই দিন আগে শুরু হলে খুব ভালো হতো।’ ক্যালিসের মন্তব্য। দলের প্রায় সব খেলোয়াড়ও নাকি এমনটিই ভাবছেন। আত্মবিশ্বাসের কোনো কমতি নেই দলের খেলোয়াড়দের মধ্যে। বরং তাঁরা তেতে আছেন ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে দলকে টেস্ট ক্রিকেটের শীর্ষ দলের আসনে নিয়ে বসাতে।প্রস্তুতি নিয়ে কোনো খেদ নেই ক্যালিসের। তিনি বলেন, ‘প্রথম টেস্ট শুরু হওয়ার আগে আজ (বুধবার) ও কাল (বৃহস্পতিবার) দুটো দিন পাচ্ছি আমরা। আমার মনে হয়, এই দুই দিন যথেষ্ট সময়।’ক্যালিস মনে করেন, আসন্ন সিরিজে দলের সাফল্য নির্ভর করবে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ভালো করার ওপর। যে দল কঠিন পরিস্থিতি সামাল দিতে পারবে, সিরিজ জয়ের ব্যাপারে এগিয়ে যাবে তারাই।এই সিরিজে বোলিং আক্রমণ নিয়ে গর্ব করতে পারে দুই দলই। এই মুহূর্তে বিশ্বক্রিকেটের দুই সেরা বোলিং আক্রমণের লড়াইটা আকর্ষণীয়ই হবে বলে মনে করেন ক্যালিস। তবে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের কোনো নির্দিষ্ট বোলারকে নিয়ে ভাবছে না দক্ষিণ আফ্রিকা দল। তিনি আরও বলেন, বোলিং নিয়ে ভাবতে ভাবতে এই দুই দলের ব্যাটিং শক্তি যেন চাপা পড়ে না যায়। দুই দলেই আছে দারুণ সব ব্যাটসম্যান।ক্যালিসের মতে, ‘কোনো নির্দিষ্ট বোলার নন, বরং যেকোনো বোলারের হাত থেকে বেরিয়ে আসা প্রতিটি বলই ভয়ংকর। এই সিরিজে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা প্রতিপক্ষকে কোনো সহজ উইকেট উপহার না দিই। এই মনোভাবের ওপরই নির্ভর করছে সিরিজে আমাদের সাফল্য।’নিজের টেস্ট ক্যারিয়ারটা দুর্দান্ত হলেও ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্স অতটা ভালো কখনোই নয়। পুরো ক্যারিয়ারে ক্যালিসের রানের গড় যেখানে ৫৬.৭৮, সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর গড় ২৯.৩০। ব্যাপারটি চোখে পড়ার মতোই। কিন্তু ক্যালিস এসব নিয়ে ভাবতে চান না। তিনি এর পেছনে কোনো কারণও খুঁজতে চান না। বরং তিনি ভাবতে চান, ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সুখময় স্মৃতিগুলো নিয়েই। ২০০৮ সালের সিরিজ তাঁর জন্য অমন এক সুখকর অভিজ্ঞতাই।ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগতভাবে তাঁর ভালো না করার কোনো উল্লেখযোগ্য কারণ নেই বলেই জানিয়েছেন ক্যালিস। বলেছেন, ‘ব্যাপারটি কেন ঘটেছে, আমি সত্যিই জানি না। তাই বলতে পারছি না। ব্যাপারটি নিয়ে আমি যে খুব চিন্তিত, সেটাও বলা যাবে না।’সফরে মার্ক বাউচারকে খুব মিস করবেন ক্যালিস। তিনি বলেন, ‘দুর্ভাগ্যের শিকার হলো বাউচার। আহত হওয়ার মুহূর্তে ওর পাশে দাঁড়িয়েছিলাম আমি। ওটা আমার জন্য কোনো সুখকর অভিজ্ঞতা ছিল না। ব্যাপারটি সামলে উঠতে আমারই দুই দিন সময় লেগেছে। বাউচারকে হারানো সত্যিই দলের জন্য বিরাট আঘাত।’এই সিরিজেই শততম টেস্ট খেলতে নামছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। অধিনায়ককে অভিনন্দন জানিয়ে ক্যালিস বলেন, ১০০টি টেস্ট খেলা কোনো সাধারণ বিষয় নয়। সবচেয়ে বড় ব্যাপার, এই ১০০টি টেস্টের বেশির ভাগ ক্ষেত্রেই স্মিথ অধিনায়ক হিসেবে খেলেছেন। দলের জন্য তাঁর অবদান অনেক। ওয়েবসাইট।