আত্মবিশ্বাসী তবে অতি আত্মবিশ্বাসী নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রস্তুতি শেষে আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে ২০১১ বিশ্বকাপ। এটা হয়তো আমার পঞ্চম বিশ্বকাপ, কিন্তু প্রস্তুতিটা তবু ছিল রোমাঞ্চকর। সামনের ছয় সপ্তাহের দিকে আমি উৎ সাহ ভরে তাকিয়ে আছি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ছয় সপ্তাহ...। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, মঙ্গলবার রাতে প্রস্তুতি ম্যাচ শেষ করেছি আমরা আরেকটি জয় দিয়ে। জয়টা সব সময়ই দারুণ, কিন্তু সবচেয়ে বড় সুখবর হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় কৃত্রিম আলোয় আমরা যেভাবে ২৮২ রান তাড়া করেছি, ব্যাটিং ছিল দারুণ পেশাদার। আমাদের অবশ্যই অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। ২০০৩ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের ভালো শিক্ষা হয়েছে। তবে কোনো সন্দেহ নেই, এই দলটা দারুণ আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ। ২০০৭ বিশ্বকাপের পর আমাদের অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে, ২০০৯ সালের শেষ দিকে দলটা মোটামুটি গুছিয়ে উঠেছে। এরপর থেকেই আমরা জয়ের ধারায় আছি এবং প্রায় সব সিরিজই জিতেছি। গত বছর এশিয়া কাপটাই ছিল একমাত্র ব্যর্থতা, ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম ভারতের কাছে। এমন সাফল্যের ধারা ধরে রাখা গেছে দলটা স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ বলে। সত্যি বলতে আমার খেলা সবচেয়ে ভারসাম্যপূর্ণ শ্রীলঙ্কা দল সম্ভবত এটাই এবং এই ভারসাম্য কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানানসই। আমাদের টপ-অর্ডার দারুণ শক্তিশালী ও অভিজ্ঞ এবং আমাদের বোলিং আক্রমণ দারুণ বৈচিত্র্যময় ও দক্ষ। আমাদের বোলাররা আক্রমণ যেমন করতে পারে, তেমনি রানও আটকাতে পারে। এ জন্য আমরা প্রয়োজন মতো আক্রমণ-রক্ষণ দুটোই করতে পারি। জিততে হলে প্রয়োজন দলীয় সমন্বয়, কোনো একজন-দুজনকে নির্দিষ্ট করে বলে দেওয়াটা তাই ঠিক হবে না। তবে অবশ্যই দিলশান, সাঙ্গার মতো যারা বড় ম্যাচ জেতাতে পারে, ওদের দ্রুত ফর্মে দেখতে চাই। মিডল-অর্ডারে থিলান সামারাবীরার দিকেও চোখ রাখুন। সীমিত ওভারের ক্রিকেটে প্রাপ্য স্বীকৃতিটা ও পায়নি। কিন্তু সে দুর্দান্ত এক ব্যাটসম্যান, চাপের মধ্যে ৫ নম্বরে ওর অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য বলে বিবেচিত হতে পারে।গত দেড় বছরে আমাদের সবচেয়ে শক্তির জায়গা ছিল সম্ভবত বোলিং। সাঙ্গার জন্য সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে মূল চারজন বোলারকে বাছাই করা। লাসিথ মালিঙ্গাকে ফিট ও ফর্মে পাওয়াটা আমাদের জন্য দারুণ সুখবর, তবে রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিন ও নতুন বলে নুয়ান কুলাসেকারার কথাও ভুলে যাবেন না। ওরা হয়তো বড় তারকা নয়, কিন্তু দুজনই দক্ষ বোলার। আমাদের হয়ে নিয়মিতই ভালো পারফর্ম করছে।আমাদের কৌশল হবে প্রতিটি ম্যাচ ধরে ধরে খেলা। ২০০৭ বিশ্বকাপেও আমরা এটাই করেছিলাম। টুর্নামেন্টের সময় ফুরফুরে মেজাজে থাকা এবং পুরোপুরি উপভোগ করাটাও আমরা শিখেছি। দলের সবাই খুব কাছাকাছি। গুরুত্বপূর্ণ হলো প্রতিটি দিনকে আলাদা আলাদাভাবে নেওয়া, সব সময়ই ১১০ ভাগ ঢেলে দেওয়া, কাউকে ভয় না পাওয়া এবং মুখে সব সময় হাসি ধরে রেখে খেলা।