আত্মবিশ্বাসী দলের ‘নার্ভাস’ অধিনায়ক
ম্যাচের আগের দিন থেকেই সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের বোলিং। ‘বাংলাদেশের বোলারদের সামর্থ্য নেই ভারতের ২০টি উইকেট নেওয়ার’—সরাসরি বলে দিয়েছেন বীরেন্দর শেবাগ। আজ শেষ দিনে কাকে ছাপিয়ে কে বা কী আলোচনায় উঠে আসবে, তা বলা মুশকিল। তবে চতুর্থ দিন শেষেও জোর আলোচনায় সেই বাংলাদেশের বোলিং। এবার কারণ আলাদা। বাংলাদেশের বোলিং পারফরম্যান্সের প্রশংসায় উচ্চকিত সবাই।সাকিব আল হাসান যা বললেন, তাতে ভবিষ্যতের জন্য অনেক অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন বাংলাদেশের বোলাররা, ‘বোলারদের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। বিশেষ করে পেসারদের বোলিংয়ে আমি দারুণ খুশি। তিন পেসারই চমত্কার বোলিং করেছে। আমি তো বলব, ওরা আমার প্রত্যাশার চেয়েও ভালো করেছে। অধিনায়কের এমন উচ্ছ্বসিত প্রশংসার চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে!ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের মুখেও বাংলাদেশের বোলারদের জন্য ছিল প্রশংসার ডালি, ‘বাংলাদেশের বোলাররা প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে। দ্বিতীয় ইনিংসেও খারাপ করেনি।’ সম্পূরক প্রশ্ন হিসেবে টেস্ট শুরুর আগে রাজ্য ও জাতীয় দলে তাঁর উদ্বোধনী জুটির সঙ্গীর বলা কথাটাও চলে আসতে পারত, তবে ওই প্রসঙ্গ তুলে গম্ভীরের মেজাজটা হয়তো কেউ খারাপ করে দিতে চায়নি।পেসারদের এমন প্রশংসায় কেউ ভ্রু কুঁচকে তাকাতে পারেন। শাহাদাত হোসেন ম্যাচে ৬ উইকেট পেয়েছেন, কিন্তু বাকি দুই পেসার তো প্রথম ইনিংসে কোনো উইকেটই পাননি, দ্বিতীয় ইনিংসে পেয়েছেন মাত্র একটি করে। কিন্তু খালি স্কোরকার্ডে চোখ না বুলিয়ে ম্যাচ দেখে থাকলে সাকিব-গম্ভীরদের সঙ্গে দ্বিমত করার কথা নয়। অভিষিক্ত শফিউল ইসলাম প্রথম ইনিংসে বোলিংই করতে পেরেছেন মাত্র ৯ ওভার, রান দিয়েছেন ৪৭, দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৮৭। কিন্তু তারপরও বগুড়ার এই তরুণের বোলিং মুগ্ধ করেছে সবাইকে। পেস-বাউন্সে মাঝেমধ্যেই ঝামেলায় ফেলেছেন ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে। তাঁর ‘স্টক’ বলটাও (গুড লেন্থ থেকে একটু বাড়তি লাফিয়ে ওঠা) দারুণ। অন্যদিকে রুবেল প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সবার প্রশংসা কেড়েছেন। ১৫ ওভারে ৯৪ রানে ১ উইকেট, এই বোলিং বিশ্লেষণের মধ্যে তো আর লেখা নেই যুবরাজ সিংকে শর্ট বলে কীভাবে নাচিয়েছেন! একমাত্র উইকেটটিও নিয়েছেন দারুণ এক ইনসুইঙ্গারে।বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও সাকিব হতাশ শেষ বিকেলে দুই ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনে, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হয় না। তবে আমার মনে হয় দুই ব্যাটসম্যানই বাজে শটে আউট হয়েছে, বল এত ভালো ছিল না। কায়েস ভাই (ইমরুল কায়েস) স্টাম্পের বাইরের বল ডিফেন্স করেছে, আবীর ভাইয়ের (শাহরিয়ার নাফীস) গুড লেন্থ বলগুলোতে সমস্যা হচ্ছিল।’ শেষ দিনে জয়ের লক্ষ্যে বাংলাদেশ অধিনায়কের ভরসা কেউ একজন বা দু-তিনজন নন, সবাই, ‘দলের বাকি সবাইকে দায়িত্ব নিতে হবে। শাহাদত থেকে শুরু করে তামিম-আশরাফুল সবাইকে।’ কিন্তু অধিনায়কের এই আত্মবিশ্বাস দলের আর সবার মাঝে আছে তো? ‘আমার তো মনে হয় দলে আমিই সবচেয়ে নার্ভাস, বাকি সবাই আমার চেয়ে আত্মবিশ্বাসী।’দেখা যাক, অধিনায়কের এই আস্থার প্রতিফলন আজ মাঠে কতটুকু দিতে পারে দল!