আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড, সতর্ক শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ আত্মবিশ্বাস নিয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কদিন আগে এই ইংল্যান্ডেই ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে তারা।

কিন্তু সাম্প্রতিক রেকর্ড আবার শ্রীলঙ্কার পক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই জয়। এর মধ্যে টানা জয় আছে ৬ ম্যাচে! তার মানে কার্ডিফে আজ চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে লঙ্কা-কিউই লড়াই উপহার দিতে পারে গনগনে একটা ওয়ানডে ম্যাচ।

প্রত্যাশা অন্তত সে রকমই। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে মার্টিন গাপটিল,  তিন ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি রস টেলরের। আর দিনটা তাঁর হলে যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে ব্রেন্ডন ম্যাককালামের। আসলে ম্যাচটি হতে পারে নিউজিল্যান্ডের ব্যাটিং বনাম শ্রীলঙ্কান স্পিন। সচিত্রা সেনানায়েকে, জীবন মেন্ডিস, রঙ্গনা হেরাথ আর তিলকারত্নে দিলশানকে নিয়ে গড়া স্পিন আক্রমণ সামলানো যে খুব সহজ কাজ হবে না সেটা বিলক্ষণ জানেন কিউই কোচ মাইক হেসন। সে জন্য নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমাদের সব মিলিয়ে ৩০-৩৫ ওভার স্পিন খেলতে হবে। আমরা সতর্ক আছি।’

শ্রীলঙ্কার জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে তাদের ব্যাটসম্যানদের খারাপ ফর্ম। আইপিএলটা মোটেও ভালো কাটেনি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তো বাজে ফর্মের কারণে নিজের পুনে ওয়ারিয়র্স থেকেই বাদ পড়ে গিয়েছিলেন। আত্মবিশ্বাসে চিড় ধরা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন করে দিতে পারে টিম সাউদি, কাইল মিলস ও ডগ ব্রেসওয়েলদের পেস বোলিং। তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলেই হিসাবটা বদলে যাবে বলে বিশ্বাস ম্যাথুসের, ‘আমরা সব ম্যাচেই জিততে চাই। তবে এ রকম ফরম্যাটের একটা আসরে শুরুটা জয় দিয়ে করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ।’ এএফপি।