পকেটে টানা তিনটি জয়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী পাকিস্তানকেই দেখা যাবে বলে আমার আশা। যদিও ক্রিকেটে কোনো দলই অপরাজেয় নয়। আফ্রিদির দল প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিসটা সেরে গতিটাও পেয়ে গেছে। বিশ্বকাপের এই জমজমাট মুহূর্তে তাদের শুধু জ্বলে উঠতে হবে।তিনটি ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং-বোলিংয়ের পরীক্ষা হয়ে গেছে, দেখিয়েছে তারা দলীয় চেতনাও। সৌভাগ্যবশত, পরীক্ষায় তারা উতরে গেছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আত্মবিশ্বাসী, অনুপ্রেরণাদায়ী, ফর্মে থাকা অধিনায়ক শহীদ আফ্রিদি। তার নেতৃত্বে পাকিস্তান দল এখন পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছে।তবে কিছু উদ্বেগের বিষয়ও আছে। প্রধান সমস্যা অবশ্যই বোলিং সমন্বয়। আফ্রিদির লেগ স্পিনের পরিপূরক শক্তি হিসেবে আবদুর রেহমান ও সাঈদ আজমলের যেকোনো একজনকে বেছে নিতে হবে। তবে আমার পছন্দ আজমল। তার অফ স্পিন বোলিং আক্রমণে বৈচিত্র্য আনবে। কিন্তু নতুন বলে কাকে দায়িত্ব দেওয়া যায়, সেটিও ভেবে দেখতে হবে।কেনিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংটা ভালোই হয়েছে। তবে বেশ ভুগতে হয়েছে পুঁচকে কানাডার বিপক্ষে। এই ম্যাচে ব্যাটসম্যানদের অনেক খুঁত ধরা পড়েছে। বিশেষ করে মোহাম্মদ হাফিজকে মোটেই স্বচ্ছন্দ মনে হয়নি। প্রায়ই লাইনের বলে আড়াআড়ি ব্যাট চালিয়েছে। খেসারতও দিতে হয়েছে। সাদামাটা একটা সোজা বলে সে আউট। হাফিজের পার্টনার তরুণ আহমেদ শেহজাদকেও মনে রাখতে হবে, সব বলেই ব্যাট চালানো যায় না। এ কারণে একটা বাজে বলেই সে আউট হলো।আমি যত দূর বুঝতে পারছি, উইকেট অতটা ব্যাটিং সহায়ক নয়। বল ঠিকমতো ব্যাটে আসছে না। তবে সব উইকেটই যে এমন হবে তা-ও নয়। শঙ্কার বিষয়, আবারও আগেভাগে উইকেট পড়লে এবং অভিজ্ঞ ইউনুস খান ও মিসবাহ-উল-হকও যদি এ-যাত্রায় ব্যর্থ হয়, পাকিস্তানকে তার মাশুল গুনতেই হবে। আশার কথা হলো, পাকিস্তানের বোলাররা চ্যালেঞ্জটা নিতে পারছে। ১৮৪ রান সফলভাবে ধরে রেখে তার প্রমাণও রেখেছে। তবে দুর্বল একটি দলের বিরুদ্ধে এই সফলতা কিন্তু শুভ লক্ষণ নয়।এদিকে এখনো পর্যন্ত সম্ভাবনাময়ী ক্রিকেট না খেললেও নিউজিল্যান্ড সব সময়ই একটা শক্ত প্রতিপক্ষ। দলটিতে আছে একঝাঁক অলরাউন্ডার। বোলিংয়েও আছে বৈচিত্র্য। রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালামের মতো ম্যাচ উইনাররা যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই কিউইদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমার দৃষ্টিতে এই ম্যাচে কোনো দলই এগিয়ে নেই। তবে এটাও ঠিক, কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড, কিন্তু সেটা এখন অতীত। আজ নতুন একটা দিন। পাকিস্তানকে ধরাশায়ী করার পরিকল্পনা নিয়েই ভেট্টোরিরা মাঠে নামবে। তাই পাকিস্তানেরও একটি অথবা দুটি বিস্ময়ের জন্য প্রস্তুত থাকা উচিত।বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে পাকিস্তান কখনোই ভালো নয়। টস জিতলে তাই চোখ বন্ধ করে ব্যাটিং নিতে হবে। ইনিংসের শুরুর দিকে উইকেট হাতে রেখে স্কোর বোর্ডে ৩০০ রান ওঠানোটাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। বাকিটা পরিস্থিতির ওপর ছেড়ে দিতে হবে। আজকের কিউই বাধা টপকাতে পারলে বিশ্বকাপে এ দলটির কাছেই পাকিস্তান বিস্ময় উপহার পেতে পারে।