আত্মবিশ্বাসী মারউইক সেনারা
নেদারল্যান্ডের কোচ ফন বার্ট মারউইক আজ নিজেদের প্রথম ম্যাচে চিন্তিত হতে পারেন দুটো ব্যাপার নিয়ে। একটি, প্রতিপক্ষ ডেনমার্ক এবং অপরটি, খুব সম্ভবত নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাস। বিশ্বকাপে সর্বকালীন ফেবারিটের তালিকায় থাকা ডাচদের জন্য কাল হয়ে দাঁড়ায় সব সময় অতিরিক্ত আত্মবিশ্বাসই। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচ জিতে বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ড দল প্রস্তুতি ম্যাচগুলোতেও সেই দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে। তবে বিশ্বকাপের মঞ্চে ডাচ্রা সেই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারে কি না, দেখার বিষয় এখন সেটাই।জোহানেসবার্গের উইটস বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডের বেস ক্যাম্পে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে ডাচেদর অতিরিক্ত আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করার কথাই বলেছেন। তিনি বলেছেন, ‘বাছাইপর্বে প্রতিটি ম্যাচ জিতেছি। প্রস্তুতি ম্যাচগুলোতেও আমরা দুর্দান্ত খেলেছি। তাই বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ আমাদের নেই।’মারউইক অবশ্য বিশ্বকাপে ভালো করার ব্যাপারে খেলোয়াড়দের ওপর তাঁর আস্থা পুনর্ব্যক্ত করেছেন। ‘নেদারল্যান্ডের খেলোয়াড়েরা জানে, বিশ্বকাপে ভালো করার ক্ষমতা তাঁদের রয়েছে। বিশ্বকাপের ম্যাচগুলোতে সেই ক্ষমতারই প্রকাশ ঘটাতে হবে।’ বলছিলেন ফন বার্ট মারউইক।সেই সত্তরের দশক থেকেই নেদারল্যান্ডকে ঘিরে ফুটবলামোদীদের প্রত্যাশার বীজ রোপিত হয়েছে। ১৯৭৪ ও ১৯৭৮ সালে পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে পরাজয় সঙ্গী হলেও ডাচ্রা ফুটবল বিশ্বকে উপহার দিয়েছিল ‘টোটাল ফুটবলের’ জাদু। সেই দুটি বিশ্বকাপে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও নেদারল্যান্ড দল জাদুকরি ফুটবল খেলে বিশ্ববাসীর মন জয় করে নেয়।সেই টোটাল ফুটবলেরই বর্তমান প্রজন্ম মার্ক ফন বোমেল, রবিন ফন পার্সি, আরিয়েন রোবেনরা এবারের বিশ্বকাপকে দেখছেন পূর্বসূরিদের ব্যর্থতা মোচনের ক্ষেত্র হিসেবে।দলের আক্রমণভাগের অন্যতম নির্ভরতা রবিন ফন পার্সি এ মুহূর্তে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তিনি নেদারল্যান্ডের তিন প্রস্তুতি ম্যাচে চার গোল করে ডাচ্ গোলমেশিনে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় তিনি প্রস্তুতি ম্যাচের চেয়েও বেশি কিছু প্রত্যাশা করছেন। তিনি প্রতিটি ম্যাচেই গোল পেতে চান। ‘প্রতিটি স্ট্রাইকারকেই বিচার করা হয় তাঁর গোল করার ক্ষমতা দিয়ে। তবে আমি গোল করার চেয়েও বেশি কিছু করতে চাই। গোল করার পাশাপাশি আমি গোল করিয়ে দলকে বাড়তি কিছু দিতে চাই।’ ফন পার্সির কণ্ঠ থেকে প্রত্যয়ই ঝরে পড়ল।তবে আজ ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে নেদারল্যান্ডের আরেক গেম মেকার আরিয়েন রোবেনকে বেশ ভালো করেই অনুভব করবে। রোবেন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আজকের ম্যাচে খেলতে পারবেন না।তবে ডেনমার্কের বিপক্ষে নেদারল্যান্ডের রেকর্ড সব সময়ই ভালো। গত ৪৩ বছরে ড্যানিশদের কাছে কোনো ম্যাচ হারেনি ডাচ্রা—এ তথ্যই আজকের ম্যাচে ফেবারিট নির্ধারণ করে ফেলার জন্য যথেষ্ট। তবে এ কথাও ঠিক, আগের চেয়ে অনেক পরিণত ড্যানিশরা মোটেও ছেড়ে কথা বলতে চাইবে না।ড্যানিশ উইঙ্গার ডেনিস রোমেদাল জানিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পর থেকে নেদারল্যান্ড দলের প্রতি প্রত্যাশা এখন আকাশচুম্বী। দলটির ওপর এ প্রত্যাশার চাপই তাঁদের কাল হতে পারে। আর এতে আমাদেরই সুবিধা।’আজকের ম্যাচে আরিয়েন রোবেনের জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে ডির্ক কিউটের। তবে বিশ্বকাপে নেদারল্যান্ডের প্রথম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে ডাচ্ অধিনায়ক জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্টের জন্য। তিনি আজ চতুর্থ ডাচ্ খেলোয়াড় হিসেবে নেদারল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামবেন।