আত্মবিশ্বাসী মাশরাফির আক্ষেপ
এক পরিচিত বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বাক্ষরসহ জার্সির জন্য বায়না ধরেছে। মাশরাফি বিন মুর্তজা তাই ব্যস্ত হয়ে পড়লেন দলের সবুজ একটি জার্সি নিয়ে। জার্সিতে নিজেই এক এক করে সব সতীর্থের স্বাক্ষর নেওয়া শুরু করলেন। সবশেষে নিলেন অধিনায়ক মুশফিক রহিমেরটা। স্বাক্ষর সংগ্রহ অভিযানে নানা হাসি-তামাশাও চলল।দীর্ঘদিন পর মাঠে ফেরা মাশরাফি সেই আগের মতোই প্রাণবন্ত। তাঁকে পেলে সতীর্থরাও যেন উদ্দীপ্ত হয়ে ওঠেন। গত পরশু এক সপ্তাহের জন্য চট্টগ্রাম এসেছে বাংলাদেশ দল, লক্ষ্য পাকিস্তান সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প। পাকিস্তানের বিপক্ষে দলে থাকার সম্ভাবনা না থাকলেও কাল থেকে শুরু মুশফিকদের অনুশীলন-সঙ্গী হিসেবে আছেন মাশরাফিও। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি তিনি, ‘আমি এখানে এসেছি ফিটনেস বাড়াতে। আশা করি, সেটা পারব। জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করা সব সময়ই আনন্দের।’মাশরাফির বিশ্বাস, আরও পাঁচ-ছয় সপ্তাহ পর বোলিং শুরু করতে পারবেন। তার আগে সব মনোযোগ ফিটনেসের দিকে। ‘বোলিং শুরু করলে ম্যাচে ফিরতে আর বেশি সময় লাগার কথা নয়। তবে পুরোপুরি ফিট কি না, নিশ্চিত হতে হয়তো আরও একবার অস্ট্রেলিয়া গিয়ে দেখিয়ে আসতে হতে পারে। এটা নির্ভর করছে আমাদের ফিজিওর ওপর। আমি চেষ্টা করছি দলে ফেরার’—বলেছেন আত্মবিশ্বাসী মাশরাফি।মাশরাফি যখন নিজেকে ফিরে পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মুশফিকুর রহিমের দলও নিজেদের শাণিয়ে নিচ্ছেন আসন্ন সিরিজ সামনে রেখে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টেনিস গ্রাউন্ডে ওয়ার্মআপের মধ্য দিয়ে কালই শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি। এরপর মাঠে ঢুকে ফুটবল খেলেছে সবাই। অনেকে ব্যাটিং প্র্যাকটিসও করলেন কিছুক্ষণ।খেলতে না পারার আক্ষেপ থাকলেও পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ভালোই সম্ভাবনা দেখছেন মাশরাফি, ‘পাকিস্তান সিরিজ সব সময়ই চ্যালেঞ্জিং। তারা স্পিন ভালো খেলবে, এটা সত্য। তবে আমাদের ভালো স্পিনার আছে। পাশাপাশি পেসার রুবেল ও শফিউলও ভালো বল করছে।’মাশরাফির জন্য বাংলাদেশ দলের এখনকার পরিবেশটা নতুনই। নতুন কোচ, নতুন অধিনায়ক, দলে অনেক নতুন মুখও যোগ হয়েছে এর মধ্যে। নতুন অধিনায়ক মুশফিককে শুভকামনা জানিয়েছেন আগেই। কাল আবার বললেন, ‘সাকিব, আশরাফুলও ভালো অধিনায়ক ছিল। মুশফিকও বয়সভিত্তিক ক্রিকেটে ভালো অধিনায়কত্ব করেছে। যত দিন যাবে ততই ভালো করবে সে।’