আত্মবিশ্বাসী মিলান-বার্সা
‘ফাইনালটি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে হলে সেটা হবে অসাধারণ’—ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ফাইনাল দেখার আশায় কদিন আগেই এই কথা বলেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। গত শুক্রবার ড্র-টাও হয়েছে প্লাতিনির স্বপ্নকে বাস্তব করে তোলার পথ খোলা রেখেই। ফাইনালের আগে দুই স্প্যানিশ পরাশক্তির দেখা হওয়ার সম্ভাবনা নেই।আর দুই দলেরই যা ফর্ম, অনেকে এখনই রিয়াল-বার্সাকে দেখছে আগামী ১৯ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনার ফাইনালে! কিন্তু রিয়াল-বার্সা এখনই অত দূর ভাবতে রাজি নয়। বার্সা কোচ পেপ গার্দিওলার ভাবনায় নেই সেমিফাইনালও। শেষ আটেই বার্সা মিলানের কঠিন পরীক্ষার মুখোমুখি। এই রাউন্ডেই মিলান-বার্সাকেই দিতে হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা। তবে আশাবাদী দুই শিবিরই। গার্দিওলাই যেমন বলছেন, ‘মিলানকে হারানোটা কঠিন হবে। চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আপনাকে অবশ্যই সেরা দলগুলোকে হারাতে হবে। মিলান সেরা দলগুলোর একটি।’মিলান শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলেছে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি দ্বৈরথ। গ্রুপ পর্বে বার্সার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল সাতবারের চ্যাম্পিয়নরা। ফিরতি লেগে নিজেদের মাঠে দুর্দান্ত লড়ে হেরেছে ৩-২ গোলে। মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি তাই বলছেন, ‘আমরা বিশ্বসেরা দলের বিপক্ষে পড়েছি ঠিক, তবে আমরা ভালো করব। কারণ, সর্বশেষ ওই সাক্ষাতের পর আমরা উন্নতি করেছি।’ এএফপি, রয়টার্স।কোয়ার্টার ফাইনালে রিয়ালের সামনে সাইপ্রাসের দল অ্যাপোয়েল নিকোসিয়া। সহজ এই বাধা পেরোলে সেমিতে হোসে মরিনহোর দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ কিংবা অলিম্পিক মার্শেই। তার পরই ফাইনাল। মরিনহোর কথা, ‘বায়ার্ন টুর্নামেন্টে যেকোনো দলকেই হারাতে পারবে। আমি তাদের শিরোপার দাবিদারই মনে করছি।’