আত্মবিশ্বাসী মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বেশ কয়েকটি সিরিজে হারের মুখ দেখেনি পাকিস্তান। গত বছর ইংল্যান্ডে সালমান বাটদের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র এবং নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান। আজ আবুধাবিতে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও এই ‘অপরাজিত’ বিশেষণটা হারাতে চান না মিসবাহ। ধারাবাহিক পারফরমেন্স দিয়ে শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী পাকিস্তানি অধিনায়ক।গতকাল এক সংবাদ সম্মেলনে মিসবাহ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দলগতভাবে খুব ভালো অবস্থায় আছি। কারণ, গত বছর আমরা টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখিয়েছি। দলের সবাই নিজের কর্তব্য সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত আছে। আমরা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সও দেখিয়েছি। এটাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। কারণ, ক্রিকেট দলগত খেলা।’পাকিস্তানে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বাসে সন্ত্রাসী হামলার প্রায় আড়াই বছর পরে আবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে এই দুই দল। দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারায় দুঃখ প্রকাশ করলেও আবুধাবিতে ফিরতে পেরে খুশি মিসবাহ। তিনি বলেছেন, ‘আমরা দেশে টেস্ট খেলতে চাই। পাকিস্তানের সবাই এটা খুব অনুভব করছে। কিন্তু এতে আমাদের কিছুই করার নেই। তবে বিকল্প হিসেবে এখানে আসতে পেরেও ভালো লাগছে। এটা আমাদের কাছে ঘরের মতোই মনে হয়। এখানকার পরিবেশ-পরিস্থিতি আমরা খুব ভালো জানি। সবাই এখানে খুব ভালো খেলে। আর এখন এটাই আমরা চালিয়ে যেতে চাই।’