আত্মবিশ্বাসী মুলার-হেইঙ্কস
নিজের সময় খুব একটা ভালো যাচ্ছে না। তবে দলের আত্মবিশ্বাস সঞ্চারিত হয়েছে টমাস মুলারের মধ্যেও। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের বিশ্বাস, রিয়াল মাদ্রিদকে ছিটকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে তাঁর দল। ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী ইয়াপ হেইঙ্কসও। দলে অন্তঃকলহের যে খবর ছড়িয়েছে, সেটাও উড়িয়ে দিয়েছেন বায়ার্ন কোচ।ফুটবল-বিশ্বে নিজেকে চিনিয়েছিলেন মুলার গত বিশ্বকাপে। মাত্র ২টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কিন্তু চমকে দিয়েছিলেন সবাইকে। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, আর তিনটি গোলে সহায়তা করে জিতেছিলেন ‘গোল্ডেন বুট।’ জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। তবে এরপর প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেননি। গত মৌসুমে সব মিলিয়ে ২৩টি গোল তবু করতে পেরেছিলেন বায়ার্নের হয়ে। এবার ৪৫ ম্যাচে গোল মাত্র ৭টি, বুন্দেসলিগায় ৩২ ম্যাচে মাত্র ৪টি! বায়ার্ন মিউনিখও বুন্দেসলিগায় শিরোপা জিততে পারেনি এই দুই মৌসুম। তবে এবার চ্যাম্পিয়নস লিগে অপ্রতিরোধ্য মনে হচ্ছে বায়ার্নকে। সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে হারিয়েছে ২-১ গোলে। মুলার বদলি হিসেবে নেমে গোলের একটি সহজ সুযোগও হারিয়েছেন ওই ম্যাচে। রিয়াল অবশ্য এল ক্লাসিকো জিতে আগামীকাল মাঠে নামবে আত্মবিশ্বাসী হয়েই। তবে মুলারের বিশ্বাস, ফাইনাল খেলবে তাঁর দলই, ‘আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েই আমরা মাদ্রিদ যাচ্ছি। নিজেদের সামর্থ্যটা আমাদের ভালোই জানা আছে। তবে এটাও জানা, বার্নাব্যুতে ভালো করতে হলে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিতে হবে।’ হেইঙ্কস মানছেন, প্রথম লেগের জয়ের পরও কাজটা সহজ হবে না। তবে শিষ্যদের ওপর আস্থা আছে বায়ার্ন কোচেরও, ‘কাজটা হবে খুব কঠিন, তবে প্রথম লেগে প্রমাণ করতে পেরেছি যে আমরা ওদের চেয়ে কোনো অংশে কম নই। আত্মবিশ্বাস নিয়েই আমরা মাদ্রিদ যাচ্ছি। আমার সঙ্গে আশাবাদী আমার খেলোয়াড়েরাও।’ ক্লাবের সেরা দুই তারকা ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনের মধ্যে বিরোধের বেশ কিছু খবর বেরিয়েছে সম্প্রতি। তবে হেইঙ্কেসের দাবি, তাঁর কোচিংয়ে দল এককাট্টা। বুন্দেসলিগার সর্বশেষ ম্যাচে রিবেরি শেষ মুহূর্তের গোলে জিতেছে বায়ার্ন। গোলের পর রিবেরিকে অভিনন্দন জানিয়েছিলেন রোবেন। সেদিকে ইঙ্গিত করে হেইঙ্কসের দাবি, ‘ছবিটাই তো বলে দিচ্ছে সব!’ ওয়েবসাইট।