বিরক্তি এবার রূপ নিল বিস্ময়ে। মাঠে ফেরা নিয়ে বারবার প্রশ্নে ত্যক্তবিরক্ত কিছুদিন আগে যুবরাজ সিংয়ের আরজি ছিল, ‘দয়া করে রেহাই দিন।’ কিন্তু রেহাই কি আর মেলে! আবার হলো একই প্রশ্ন, যদিও একটু ঘুরিয়ে, ‘বছর খানেকের মধ্যে ফিরতে পারবেন?’ যুবরাজ যেন আঁতকে উঠলেন, ‘এক বছর? সে তো অনেক দেরি! তিন-চার মাসের মধ্যে ফিরব।’বেশ কিছুদিন দিন বিরতির পর সংবাদমাধ্যম আবার যুবরাজের কাছাকাছি যেতে পেরেছিল বুধবার। যুবরাজকে দেওয়া পাঞ্জাব সরকারের সংবর্ধনায়। কখনোই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো! ১৩ মাস পর হলেও বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য রাজ্যের ছেলেকে সংবর্ধনা ছিল পাঞ্জাব সরকার। মা শবনব সিংকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন যুবরাজ। মুখ্যমন্ত্রী পরকাশ সিং বাদল ও সংসদ সদস্য সুখদেব সিং ধিন্দসা যুবরাজের হাতে তুলে দেন এক কোটি রুপি অর্থ পুরস্কার।সংবর্ধনা পেয়ে স্বাভাবিকভাবেই বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা ছিলেন উচ্ছ্বসিত, ‘মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন সম্মান পেয়ে দারুণ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জন্য গৌরব বয়ে আনতে পেরে একজন পাঞ্জাবি হিসেবে আমি গর্বিত। বিশ্বকাপ জয় ছিল আমাদের কাছে একটা স্বপ্ন, ২৮ বছর পর স্বপ্ন পূরণ হয়েছে।’বোস্টনের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসার পর লন্ডনে এক দফা পুনর্বাসন-প্রক্রিয়া শেষে যুবরাজ দেশে ফিরেছেন গত ৯ এপ্রিল। দ্রুত সুস্থ হওয়ার জন্য এখন নিয়মিত যোগব্যায়াম করছেন। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সবার জন্য ৩০ বছর বয়সী অলরাউন্ডারের পরামর্শ, ‘আমরা ক্রীড়াবিদেরা সেভাবে শরীরের যত্ন নিই না। ব্যথা পেলে বরফ, ব্যান্ড-এইড কিংবা পেস্ট লাগিয়েই কাজ সেরে ফেলি। আমাদের বুঝতে হবে, আমাদের শরীর একটা মন্দিরের মতো। মন্দিরের মতোই এর যত্ন নিতে হবে।’ ওয়েবসাইট।