চ্যাম্পিয়নস লিগ: আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি সিএসকেএ মস্কো, চেলসির নাপোলি
আত্মবিশ্বাসী রিয়াল, চেলসির অগ্নিপরীক্ষা
ঠিক শেষ বাঁশির আগ মুহূর্তে পন্টাস ওয়ার্নব্লুমের গোল। জিততে জিততেও শেষ পর্যন্ত সিএসকেএ মস্কোর মাঠ থেকে রিয়াল মাদ্রিদকে ফিরতে হয় ড্রর হতাশা নিয়ে। প্রথম লেগের এই তথ্যটি আজকের ফিরতি লেগের গায়ে হয়তো সেঁটে দিচ্ছে ‘অগ্নিপরীক্ষার’ তকমা। কিন্তু আত্মবিশ্বাসে উড়তে থাকা রিয়াল শিবিরের হাবভাব দেখে মনে হচ্ছে, কোয়ার্টার ফাইনালে ওঠা স্রেফ সময়ের ব্যাপার!রিয়ালের ব্রাজিলিয়ান তারকা কাকার দৃষ্টি তো কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আরও সুদূরে, ‘আমরা দেখতে পাচ্ছি, কয়েকটি বড় দল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। এসি মিলান এবং বার্সেলোনার দারুণ সুযোগ আছে ফাইনালে ওঠার। তবে আমি মনে করি, মাদ্রিদেরও চ্যাম্পিয়নস লিগে বড় কিছু করার ভালো সুযোগ আছে।’আজকের ফিরতি ম্যাচটি নিজেদের মাঠ বার্নাব্যুতে। রিয়ালের আত্মবিশ্বাসী হয়ে ওঠার আরও একটি কারণ এটি। তবে চেলসির আজ অগ্নিপরীক্ষাই। নিজেদের মাঠে ম্যাচ হলেও এতটুকু স্বস্তিতে থাকতে পারছে না চেলসি। প্রথম লেগে নাপোলির মাঠে গিয়ে ৩-১ গোলে হেরে তারা রীতিমতো কোণঠাসা। শেষ আটে জায়গা করে নিতে হলে তাই আজ ল্যাম্পার্ড-দ্রগবাদের জিততে হবে অন্তত ২-০ গোলের ব্যবধানে।সে ক্ষেত্রে দুই দলেরই গোল সমান হলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ব্লুরা। আন্দ্রে ভিলাস-বোয়াসের বরখাস্তের পর দায়িত্ব নিয়েই রবার্তো ডি মাত্তেও চেলসিকে জিতিয়েছেন টানা দুই ম্যাচে। তবে চেলসির অন্তর্বর্তী কোচের সত্যিকারের পরীক্ষাটা হয়ে যাবে আজ। শুরু থেকেই খেলতে হবে আক্রমণাত্মক।সর্বশেষ ম্যাচ দুটি ছাড়াও চেলসি অনুপ্রেরণার জন্য তাকাতে পারে লিগের প্রতিদ্বন্দ্বী আর্সেনালের দিকে। প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে ৪-০ গোলে হেরে ফিরলেও ফিরতি লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ৪ গোলের ঘাটতি হয়তো ঘোচেনি, তবে ৩-০ গোলে জিতে লিখেছে প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প।রিয়ালের প্রত্যাবর্তনের গল্প লেখার প্রয়োজন হচ্ছে না। ন্যূনতম ব্যবধানের জয়ে তো হবেই, গোলশূন্য ড্র হলেও হাসতে হাসতে উঠে যাবে শেষ আটে। আর বার্নাব্যুতে রিয়ালের ড্র—এটাও মোটামুটি অবিশ্বাস্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ মৌসুমে নিজেদের মাঠে একটি মাত্র ম্যাচ হেরেছে রিয়াল, সেটিও বার্সেলোনার কাছে। জিতেছে বাকি সব ম্যাচেই!রিয়ালের জন্য সমীকরণটা সহজ করে দিচ্ছে এই তথ্যও, চ্যাম্পিয়নস লিগে বিদেশি দলের বিপক্ষে গত ১৭ ম্যাচে অপরাজিত সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়নরা। জিতেছে ১৪ ম্যাচেই। নিজেদের মাঠে গত ২০ বছরেই রাশিয়ার কোনো দলের কাছে হারেনি রিয়াল। সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে, গোল করেছে ২১টি! গোলের প্রসঙ্গ এলে অবধারিতভাবেই আসে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। মৌসুমে এ পর্যন্ত ৪০ গোল করা পর্তুগিজ তারকা সর্বশেষ ছয় ম্যাচে করেছেন ৯ গোল। প্রথম লেগের একমাত্র গোলটিও করেছিলেন রিয়ালের হয়ে ২৩টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ১৭ গোল করা রোনালদো।ওদিকে সিএসকেএর আত্মবিশ্বাসে ভাটা ফেলে দিয়েছে লিগে ডায়নামোর সঙ্গে সর্বশেষ ম্যাচে ১-১ গোলের ড্র। কোচ লিওনিদ স্লুতস্কি ওই দিনই বলেছেন, ‘আমরা যদি রিয়ালের বিপক্ষেও আজকের মতোই খেলি, তা হলে আমাদের সম্ভাবনা জিরো।’ রয়টার্স, এএফপি।