আত্মবিশ্বাসী লাম
বেশ চাপের মধ্যেই দিন কাটছে জার্মানি অধিনায়ক ফিলিপ লামের। প্রতিনিয়ত বানের বেগে গঞ্জনা ও চাপ ধেয়ে আসছে দলের দিকে। তবে লাম এই বানের তোড়ে ভরসা হিসেবে আঁকড়ে ধরছেন অতীত অভিজ্ঞতাকে। তাঁর বিশ্বাস, বড় বড় ম্যাচে খেলা ও সংকটময় মুহূর্তে উতরে আসার অভিজ্ঞতাই নাকি শেষ ষোলোর টিকিট পাইয়ে দেবে জার্মানিকে।গত শনিবার সাক্ষাত্ শনিই যেন ভর করেছিল লামের জার্মানির ওপর। সার্বিয়ার কাছে ১-০ গোলে ধরাশায়ী তো হতে হয়েছেই, তুরুপের তাস মিরোস্লাভ ক্লোসাও দেখেছেন লাল কার্ড। আগামী বুধবার গ্রুপ পর্যায়ের শেষ খেলা। জয় ছাড়া বিকল্প নেই। ঘানার বিপক্ষে লড়াইটা তাই মরণপণই হবে জার্মানদের কাছে।নিয়তিতে কী লেখা আছে, তা কেউ জানে না। তবে নিজেদের এই চাপ নিয়ে লাম বলছেন, ‘চাপ আছে। তবে আমাদের অধিকাংশই খেলোয়াড়ই এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বসেছিলাম আমরা। কিন্তু পরে ঠিকই উতরে গিয়েছি। এবারও নিশ্চয়ই সেই অভিজ্ঞতা কাজে দেবে আমাদের।’ ওয়েবসাইট।