সম্প্রতি ভারত সফরে বেশ ভালো করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ৭ ম্যাচের ৬টিতেই জয়, এক হার। জয় এসেছে সাই একাডেমি, মোহালি একাদশ, চণ্ডীগড় একাদশ, এনআইএস, ঝাড়খন্ড ও সেন্টার অব এক্সেলেন্সের সঙ্গে। সফরে ২৪ গোল করে বাংলাদেশ হজম করেছে ৮ গোল।
বাংলাদেশ দল পেনাল্টি কর্নার কাজে লাগাতে পেরেছে ৫০ ভাগ। এই দলের ২২ জন খেলোয়াড়ই এখন জাতীয় দলের ক্যাম্পে, আটজন মূল জাতীয় দলের খেলোয়াড়। ভারত সফরে তাঁদের অভিজ্ঞতা জাতীয় দলের জার্সি গায়েও কাজে লাগবে বলে মনে করছেন কোচ।
জানুয়ারিতে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। গতকালই শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। মজার ব্যাপার, অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল দুটিরই কোচ এখন সাবেক অধিনায়ক মামুনুর রশিদ। তাঁর সামনে আপাতত থাইল্যান্ড, চীনা তাইপে, ওমান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে রোববার ঢাকায় শুরু এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ প্রতিযোগিতা। সেরা দুই দলের একটি হয়ে বাংলাদেশ দল এই প্রতিযোগিতার পরের রাউন্ডে উঠবে, কাল হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশাবাদই রাখলেন মামুনুর।