আত্মবিশ্বাসী হাফিজ

আত্মবিশ্বাস? এশিয়া কাপ। ছন্দ? এশিয়া কাপ। যেন এশিয়া কাপের প্রথম ম্যাচ আর ফাইনাল বলে কিছু ছিল না। শুরু আর শেষে শ্রীলঙ্কার কাছে হেরেছিল পাকিস্তান। কিন্তু তারা এখনো বুঁদ যেন ভারতকে হারানোর আনন্দেই। ওই জয়েই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পাকিস্তান দল। ওই জয়ের ভেলায় চেপেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এগিয়ে যেতে চান মোহাম্মদ হাফিজ!
অথচ হাফিজদের অনুপ্রেরণা হতে পারে এই টুর্নামেন্টই। পাকিস্তানের ক্রিকেট আর অধারাবাহিকতার পথচলা হাত ধরাধরি করেই। কিন্তু এই একটা টুর্নামেন্টে বিস্ময়কর রকম ধারাবাহিক পাকিস্তান। সেমিফাইনালের আগে থামেনি কখনোই। প্রথমবার রানার্সআপ, পরেরবার চ্যাম্পিয়ন, পরের দুবার খেলেছে সেমিফাইনাল। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সফলতম দল পাকিস্তানই।
কিন্তু হাফিজের কাছে যেন ভারতকে হারানোর মহিমার চেয়ে বড় কিছু নেই, ‘যেকোনো টুর্নামেন্টেই মোমেন্টাম একটা বড় ব্যাপার। আর আমার মনে হয় এশিয়া কাপ আমাদের সেটি দিয়েছে, আমরা ভারতকে হারিয়েছি। আফ্রিদি যেভাবে ফিনিশিং এনে দিয়েছে, সেটাও আমাদের জন্য দারুণ ইতিবাচক ছিল। সব মিলিয়ে আমরা খুব ভালো অবস্থায় আছি। এই আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে চাই।’
তবে ভারত-জয় মানেই যে বিশ্ব জয় নয়, সেটাও ভুলে যাননি পাকিস্তান অধিনায়ক, ‘শুধু একটা ম্যাচ জিততে আসিনি আমরা। সব ম্যাচ জিততে চাই। যেতে চাই শেষ পর্যন্ত। কোনো দলকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের গ্রুপে তো টুর্নামেন্টের সব ফেবারিট আছে। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের জন্যও পরিকল্পনা আছে আমাদের। এই গ্রুপ উতরাতে পারলে পরের ধাপটা অনেকটাই সহজ হবে আমাদের জন্য।’
এশিয়া কাপে ভারত-জয়ের নায়ক শহীদ আফ্রিদি অবশ্য আসেননি দলের সঙ্গে। চোট কাটিয়ে পুরো ফিট হয়ে আসবেন আগামীকাল। তবে আরেক দফা তোলপাড় ফেলে দিয়েছেন দেশে থেকেই। ব্যাটিংয়ের মতো তাঁর কথাবার্তাও মাঝেমধ্যে সোজাসাপ্টা। দিন দুয়েক আগে ঘোষণা দিয়েছেন, ‘দলের যে কম্বিনেশন, তাতে সীমিত ওভারের ক্রিকেটের এক নম্বর দল পাকিস্তান।’ হাফিজের কণ্ঠে ঘোষণার সুর নেই। নিজের ব্যাটিংয়ের মতোই পরিশীলিত কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দিলেন লক্ষ্য, ‘আমরা বিশ্বাস করি আমাদের দলটা দারুণ ব্যালান্সড। দেশের সম্ভব সেরা ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া হয়েছে। এই সংস্করণে বরাবর ভালো করেও আসছি। আমরা পরস্পরকে বিশ্বাস করি, সহায়তা করি। আমাদের বিশ্বাস, অনেক বড় কিছু করতে পারি এই টুর্নামেন্টে।’
এই ‘বড় কিছুর’ ব্যাখ্যা একেক দলের কাছে একেক রকম। তবে যে দল শেষ চারের আগে কখনো থামেনি, সেই দলের কাছে বড় কিছু মানে একটিই। ৬ এপ্রিল মিরপুরে ট্রফি হাতে পোজ দেওয়ার ছবিটিই মনে আঁকছেন হাফিজ!