আত্মবিশ্বাসে বলীয়ান স্পেন
স্পেনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি—গতকাল জার্মানির বিপক্ষে সেমিফাইনাল নিয়ে এমনই মন্তব্য করেছিলেন স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এই মন্তব্য আজকের ম্যাচ নিয়ে স্পেনের চিন্তা-চেতনাকে অনেকটাই সামনে নিয়ে আসে। জার্মানি এই বিশ্বকাপের সবচেয়ে অপ্রতিরোধ্য দল হতে পারে, কিন্তু স্পেন এই অপ্রতিরোধ্য দলের মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপে চিরকালীন ফেবারিট স্পেন এই প্রথমবারের মতো নিজেদের অতীত ব্যর্থতা মুছে ফেলার এক দুর্দান্ত সুযোগের সামনে দাঁড়িয়ে। এই সুযোগ তারা হেলায় হারাতে চাইবে না—এ কথা বলাই যায়।স্পেন এত ভালো দল নিয়ে আর কখনো বিশ্বকাপ খেলতে এসেছিল কি না, তা মনে করতে পারবে না কেউই। দলের প্রতিটি স্থানেই খেলছেন এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলাররা। এবারের স্পেন দলটিকে দেখে অনেক বিশ্লেষকই বলেছিলেন, এই দল নিয়ে স্পেন যদি বিশ্বকাপ জিততে না পারে, আর কখনই তাদের পক্ষে হয়তো বিশ্বকাপ জেতা সম্ভব হবে না। তোরেস-ভিয়া-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাস-জাভি-জাভি আলোনসো-পিকে-ক্যাসিয়াস নামগুলোই বলে দিচ্ছে দলটির সামর্থ্যের কথা। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে হেরে সবাইকে বিরাট এক ধাক্কার মুখে ফেলে দিয়েছিল স্প্যানিশ দলটি। কিন্তু পরে প্রতিটি ম্যাচেই তারা রেখেছে সামর্থ্যের পূর্ণ পরিচয়। মোটামুটি দাপট দেখিয়েই দলটি প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে এখন অপেক্ষায় আছে বিশ্বকাপ জিতে গোটা স্পেনকে আনন্দে রাঙিয়ে তুলতে।স্পেনকে এককালে সবাই ‘কাগুজে বাঘ’ হিসেবেই জানত। কেউ কেউ খুবই আনুষ্ঠানিকভাবে দলটিকে ‘চোকার’ হিসেবেও অভিহিত করতে ভালোবাসে। কিন্তু আজ থেকে দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে আজ পর্যন্ত এই স্পেন যেন বিশ্ব ফুটবলে নিজেদের নতুন করে তুলে ধরেছে। যে জার্মানিকে হারিয়ে ২০০৮ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল, আজ দুই বছরের মাথায় বিশ্বকাপের সেমিফাইনালে নতুন ইতিহাস গড়তে সেই জার্মানির সামনে স্পেন। স্পেন কি পারবে, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো স্থান করে নিতে?ইউরো চ্যাম্পিয়নশিপ স্পেনের জন্য এক সুখস্মৃতি হয়েই আছে। ভিয়েনাতে ফার্নান্দো তোরেসের গোলে জার্মানিকে হারানোর সেই ম্যাচ স্প্যানিশরা আজ রাতে আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় ডারবানে। ভিয়েনার সেই ম্যাচে স্প্যানিশ দলের অন্যতম সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তারও চিরজীবনের এক সুখস্মৃতি হয়ে আছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচটি। তিনি বলেছেন, ‘ভিয়েনার সেই রাতটিতে স্পেন জার্মানির বিপক্ষে ছিল পরিষ্কার ফেবারিট। যদিও প্রথম ১০ মিনিট স্পেন তেমন ভালো খেলতে পারেনি। তবে, আস্তে আস্তে স্পেন খেলাটিতে নিজেদের আধিপত্য বিস্তার করে গোল বের করে আনে। তোরেস চমত্কার এক গোলে স্পেনকে লিড এনে দেন। তবে সেই ম্যাচে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমরা পূর্ণ আধিপত্য বিস্তার করেও আরেকটি গোল করতে পারেনি। আপনি সব সময়ই চাইবেন, জার্মানির মতো দলের বিপক্ষে একাধিক গোল করে লিডটাকে নিরাপদ করে ফেলতে।’আন্দ্রেস ইনিয়েস্তা দুই বছর আগের ম্যাচটিকে আজকের সেমি ফাইনালের আগে উদ্দীপনার উত্স মনে করলেও স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক ইউরোর কোনো স্মৃতিকেই আজকের সেমির আগে প্রয়োজনীয় মনে করছেন না। তিনি বলেন, ইউরোর ফাইনালে স্পেন যে জার্মান দলটির বিপক্ষে খেলেছিল, এবারের বিশ্বকাপে সেই দলটির অর্ধেক খেলোয়াড়ই নেই। তাই সেই ম্যাচটি নিয়ে ভেবে কোনো লাভ নেই। আজ রাতে সম্পূর্ণ নতুন অন্য জার্মান দলের সঙ্গে খেলবে স্পেন, যে দলটি বিশ্বকাপে তিনটি দলকে ৪ গোলে হারিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো দল।এবারের জার্মান দল সম্পর্কে দেল বস্কের অভিমত, ‘এই দলটি তাদের চিরাচরিত যান্ত্রিক ফুটবলের সঙ্গে সুন্দরের মিশ্রণ ঘটিয়েছে। এই দলটি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া।’ জার্মানির বিপক্ষে খেলা যেকোনো দলের জন্য সব সময়ই কঠিন এক বিষয় বলে মন্তব্য করেছেন দেল বস্ক। দেল বস্ক বলেন, ‘জার্মানি সব সময়ই শক্ত একটি দল, যাদের জয়ের অভ্যাসটা আছে, যারা জানে কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়।’আন্দ্রেস ইনিয়েস্তাও দেল বস্কের কথার সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি বলেন, ‘জার্মানির খেলা সব সময়ই আপনার দেখতে ভালো লাগবে। কারণ, তারা সুন্দর ফুটবল খেলে। তবে ইনিয়েস্তা মনে করেন, জার্মানি যেমন সুন্দর ফুটবল খেলে, স্পেনের খেলাও অনেকটা তেমনই। জার্মানি দুই উইং ব্যবহার করে আক্রমণ শানানোর চেষ্টা করে, স্পেনও একই পদ্ধতিতে আক্রমণ করে। সব মিলিয়ে আজ রাতের সেমিফাইনাল দর্শকদের জন্য উপাভোগ্য এক ম্যাচে পরিণত হবে বলে মনে করেন বার্সেলোনার এই প্লে-মেকার।আজকের ম্যাচে জয়ের জন্যও জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ভালো খেলেই আজ আমরা স্পেনকে হারাব ও বিশ্বকাপের ফাইনালে খেলব।’কোচ ভিসেন্তে দেল বস্কের আবেগ বাইরে খুব একটা প্রকাশিত না হলেও তিনি ইনিয়েস্তার ওপর মধ্য মাঠের দায়িত্বের অনেকটাই ছেড়ে দিয়েছেন। দেল বস্ক ইনজুরি থেকে ইনিয়েস্তার সেরে ওঠায়ও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি মনে করেন, স্পেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই ইনিয়েস্তা। ভালো লাগছে, সে প্রতিটি ম্যাচেই ক্রমেই নিজেকে ফিরে পাচ্ছে।ইনিয়েস্তার কথা বলতে বলতে ভিসেন্তে দেল বস্ক সবাইকে মনে করিয়ে দিলেন ডেভিড ভিয়ার কথা। ৫ ম্যাচে ৫ গোল করে এরই মধ্যে ভিয়া এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। ভিয়া সম্পর্কে দেল বস্কের অভিমত, ‘এই মুহূর্তে ভিয়া চমত্কার ফর্মে রয়েছে। সে গোল করে চলেছে। দলও সেই গোল থেকে উপকৃত হচ্ছে। আমার মনে হয়, ভিয়া মাঠের পরিস্থিতিটা খুব ভালো বোঝে।’ইনিয়েস্তা-ভিয়াকে নিয়ে দেল বস্ক যতই নির্ভার থাকুন, ফার্নান্দো তোরেসকে নিয়ে কপালে চিন্তার খাঁজটা রয়েই যাচ্ছে স্প্যানিশ ‘বসের’। ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা গোলদাতা ফার্নান্দো তোরেসকে বিশ্বকাপের মাঠে নিজের ছায়ার সঙ্গেই লড়াই চালিয়ে যেতে দেখে বস্ক খুবই চিন্তিত। তোরেসের মতো স্ট্রাইকারের গোল না পাওয়াটা যেকোনো কোচের জন্যই অত্যন্ত চিন্তার। তবে দেল বস্ক মনে করেন, ‘তোরেস যে মানের খেলোয়াড়, তাঁর গোল পাওয়াটা কেবল সময়ের ব্যাপার।’ তবে বস্ক কিছুটা রহস্য করেই হয়তো নিশ্চিত করেননি, আজ রাতের ম্যাচে তোরেসকে প্রথম এগারোয় রাখা হবে কি না।আসলে গোটা ফুটবলবিশ্বই ডারবানে এক স্মরণীয় লড়াইয়ের অপেক্ষায়। বিশ্বকাপের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচে নিজেদের যে দল চাপের ঊর্ধ্বে নিয়ে যেতে পারবে, জয় তাদের পায়ে এসেই ধরা দেবে। আর এই জয়টা যেকোনো দলকেই বিশ্বকাপ জয়ের অনেকটা কাছে নিয়ে যাবে, এটা তো দিবালোকের মতোই পরিষ্কার।