আত্মবিশ্বাসের নিচে বইছে শঙ্কাও
এমন ব্যাটিং উদ্যানেও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটি কার? এ ম্যাচে হঠাত্ জুনায়েদ ইমরোজকে বসিয়ে দেওয়া হলো কেন?—তৃতীয় ওয়ানডেতে হেরে যাওয়ার পর ঘুরেফিরে এই দুটি প্রশ্নই আসছে সামনে। দলসূত্রে যা জানা গেছে, তাতে প্রথম প্রশ্নের উত্তর, আগে বোলিং করার সিদ্ধান্ত ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের একার। কোচ জেমি সিডন্স থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের প্রায় সব সদস্য আগে ব্যাটিং করার পক্ষে থাকলেও সাকিব টসে জিতে বল হাতে নিয়েছিলেন। সূত্র আরও জানাচ্ছে, আগের রাতে টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত হলেও উইকেট দেখে নাকি টিম ম্যানেজমেন্টের এক সদস্যই সাকিবকে বলেছিলেন, এটা বোলিং উইকেট। এখানে আগে বল করতে হবে। অন্য সবার পরামর্শ এড়িয়ে সাকিব তাঁর কথাই শুনেছেন।দ্বিতীয় প্রশ্নের উত্তর—জুনায়েদকে এ ম্যাচে বসিয়েছেন সিডন্স। ব্যাখ্যা ছিল, জুনায়েদ স্পিন খেলতে পারেন না। এই উইকেটে প্রসপার উতসেয়া স্পিনারদের আগে নিয়ে আসবেন বলে ধারণা করেছিলেন বাংলাদেশের কোচ। এখানেও টিম ম্যানেজমেন্টের অনেকের বিরোধিতা পেরিয়ে গেছেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ভালো শুরু এনে দেওয়া (রান করেছেন ২১ ও ২৭) বাঁহাতি ওপেনার জুনায়েদের দলে না থাকার কোনো কারণ দেখছিলেন না অন্যরা। কিন্তু কোচ তাঁর সিদ্ধান্তেই অটল থেকেছেন।কাল সকালে অনুশীলনে যাওয়ার আগে হোটেলে হয়েছে দীর্ঘ টিম মিটিং। কোচ নাকি সেখানে তাঁর ভুল স্বীকার করেছেন। মেনে নিয়েছেন, জুনায়েদকে না খেলিয়ে ভুল হয়েছে। টিম মিটিংয়ে খেলোয়াড়-কোচ সবাই আজকের ম্যাচে আবার আগের দল ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। সেটা যদি হয়ও, অন্তত নাজমুল হোসেনের পক্ষে খেলা সম্ভব নয় আজকের ম্যাচেও। ঊরুর পেশিতে টান পড়ার পর কাল আবার ক্যাচিং প্র্যাকটিসে হাতে ব্যথা পেয়েছেন। সার্বিক অবস্থার উন্নতি সাপেক্ষে এখন তাঁর সামনে কেবল শেষ ম্যাচটাই আছে।সিডন্স ভুল বুঝতে পারলেও সাকিব এখনো মনে করেন তাঁর সিদ্ধান্তই ঠিক। কাল কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলনের ফাঁকে এই প্রতিবেদকের কাছে টসে জিতে আগে ফিল্ডিং করার পক্ষে তুলে ধরলেন নিজের যুক্তি, ‘আগে ব্যাটিং করি, পরে ব্যাটিং করি এটা কোনো ব্যাপার না। আমাদের টার্গেট আগে ব্যাটিং করলে ২৮০ রান করা, পরে ব্যাটিং করলে ওদের ২৭০-এর মধ্যে আটকে রাখা। ওখানেই তারা ৪০-৫০ রান বেশি করে ফেলেছে। টস তো আর আমাদের হাতে নাই...।’ আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা তাঁর একার ছিল, সেটাও মানলেন না সাকিব, ‘টসে জিতলে কী নেওয়া হবে সবার সঙ্গে কথা বলেই সে সিদ্ধান্ত নেওয়া হয়।’দলের সঙ্গে থাকা বোর্ড পরিচালক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন টস-বিতর্কে যেতেই চাইলেন না। তাঁর কাছে পরশুর হারের কারণ টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা, ‘টসে জিতে আগে ব্যাটিং নিলে হয়তো ভালো হতো। কিন্তু উল্টো ব্যাপারও তো আছে... এ মাঠে এর আগে যে ৩৭টা ওয়ানডে হয়েছে তার আশি শতাংশ ম্যাচই পরে ব্যাট করা দল জিতেছে। আমার তো মনে হয় মাথার ওপর ৩২৩ রানের পাহাড় দেখেই টপ অর্ডার ব্যাটসম্যানরা আতঙ্কিত হয়ে গিয়েছিল।’পরাজয়ের ময়নাতদন্তে সাকিবেরও একই ব্যাখ্যা, ‘যতটা ভালো খেলা উচিত ছিল, ততটা আমরা খেলিনি। ৩২৩ সব সময়ই অনেক কঠিন, তবে চেজ করা যায় না তা না। আগের দিনই তো আমরা ৩২০ করছি। আর বোলিং যা-ই হয়েছে এক-দুইটা ক্যাচ মিস গুরুত্বপূর্ণ হয়ে গেছে দিনশেষে। মাসাকাদজা-টেলর দুজনই পঞ্চাশের ঘরে লাইফ পেয়েছে।’ কোচ সিডন্স অত ঘোরপ্যাঁচে গেলেন না। তাঁর সহজ কথা, কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে একটা বাজে দিন গেছে বাংলাদেশের এবং সে কারণেই হার, ‘বোলিং ভালো হয়নি। ইনজুরির কারণে মূল বোলাররা দলে নেই। রবিন ২ উইকেট পেলেও হঠাত্ মাঠে নেমে এই আবহাওয়ায় ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি। এ ছাড়া টপ অর্ডার দ্রুত আউট হয়ে গেছে। সব মিলিয়ে দলের জন্য একটা খারাপ দিন গেল এদিন। আমরা টানা ভালো খেলছি। হঠাত্ এ রকম একটা বাজে ম্যাচ তো যেতেই পারে।’কোচের কথাই হয়তো ঠিক। কিন্তু সেই বাজে দিন একটা মাত্র ‘বাজে দিন’ হয়েই থাকবে তো? নাকি আরও খারাপ কিছুর শুরু এটা? সাকিব যতই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা বলুন, ভেতরে ভেতরে এ শঙ্কাই কিন্তু বয়ে চলেছেন সবাই।