আত্মবিশ্লেষণে অসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মবিশ্লেষণে বসেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পর এর চেয়ে আর বেশি কী-ইবা করতে পারেন তাঁরা। ওয়ানডে ক্রিকেটের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইট ওয়াশ হলো অসিরা।এমন একটি পরাজয়ের পর অধিনায়ক মাইকেল ক্লার্কও যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তবে কোনোকিছুকে ঢাল হিসেবে ব্যবহার করছেন না তিনি। সোজা-সাপ্টাই জানিয়েছেন, ‘আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’ তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি নিয়ে কোনোকিছুই বলার নেই। আমরা প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও সুযোগ পেয়েছি। আসলে অজুহাত দেওয়ার মতো কোনো কিছুই নেই আমাদের হাতে।’মাইকেল ক্লার্ক নিজেও আত্মবিশ্লেষণের কথাই বলছেন। বলেছেন, ‘আমাদের উচিত হবে, এই মুহূর্তে বসে গত এক বছরের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণ করা। আমাদের কোথায় কোথায় দুর্বলতা ছিল, সেগুলো খুঁজে বের করে দুর্বলতাগুলো পুষিয়ে ফেলার চেষ্টা করা।’এ বছরের শুরু থেকেই ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার পদচারণটা ঠিক সুখকর নয়। বছরের প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে সাতটি ওয়ানডের চারটিতেই হেরেছিল অস্ট্রেলিয়া। এর পর অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-২ ম্যাচে সিরিজ ড্র করে ব্যর্থতার পথে হাঁটা শুরু হয়। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারাটা রীতিমতো অচিন্তনীয়। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও এক জায়গায় জানিয়েছেন, অস্ট্রেলীয় দলের এমন পারফরম্যান্স তিনি প্রত্যাশা করেননি। অসিদের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিচের দিকেই নামছে। আর এই ব্যাপারটিতেই সবচেয়ে বেশি চিন্তিত মাইকেল ক্লার্ক।তাঁর মতে, ‘যেকোনো আন্তর্জাতিক ক্রিকেট দলেরই কোনো সিরিজে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা থাকতে হয়। একটা ভালো দলের গুণ এটাই। আপনি প্রথম ম্যাচে হারতে পারেন কিন্তু সিরিজের কোনো না কোনো সময় আপনি অবশ্যই ঘুরে দাঁড়াবেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এটাই ছিল আমাদের মূল দুর্বলতা। সিরিজটিতে কোনোমতেই ঘুরে দাঁড়াতে পারিনি আমরা।’আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার আগে আপাতত একটা লম্বা ছুটিই পাচ্ছে অস্ট্রেলিয়া দল। তবে ইংল্যান্ডে ব্যর্থ হওয়ার পর ক্লার্করা খুব সম্ভবত ছুটিটা শান্তিতে কাটাতে পারছেন না। কারণ ঘুরে দাঁড়ানোর পথ যে এর মধ্যেই খুঁজে বের করতে হবে তাঁদের। ওয়েবসাইট।