আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়ে রাখল সিটি ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের টিকিট নিয়ে সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের কথা বিবেচনা করে আগে থেকেই আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়ে রাখল সিটি ব্যাংক লিমিটেড।আগামীকাল শুরু হচ্ছে টিকিট বিক্রি। চাহিদার তুলনায় প্রতিটি বুথে স্বাভাবিকভাবেই টিকিট-প্রার্থীর সংখ্যা থাকবে বেশি। এ ক্ষেত্রে সব রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে কাল প্রথমে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। পরে অবশ্য ক্ষমা চেয়ে এটিকে অনানুষ্ঠানিক আলোচনা বলেছেন ব্যাংকের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিন। আইসিসি ও বিসিবির সঙ্গে যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয় সেজন্যই এই ‘অনানুষ্ঠানিক আলোচনা’।সারা দিনে আট ঘণ্টায় সর্বোচ্চ ৪৮০টি টিকিটের বেশি বিক্রি সম্ভব নয় বলে জানিয়েছে সিটি ব্যাংক। কেন এর বেশি টিকিট দেওয়া যাবে না সেই ব্যাখ্যায় বলা হয়েছে, ব্যাংকের কাছে কোনো ছাপানো টিকিট থাকবে না। আইসিসির অনলাইন পদ্ধতিতে ডেটা এন্ট্রি সাপেক্ষে মূল্য পরিশোধের পরে টিকিট প্রার্থীকে প্রিন্ট করে দেওয়া হবে একটি ভাউচার। মাসরুর আরেফিন জানিয়েছেন, ‘টিকিট-প্রার্থী ব্যাংকের ভেতরে কাউন্টারে যাওয়ার পর পরিচয়পত্রের নম্বর (না থাকলে মা-বাবার নাম বা জন্মতারিখ), মোবাইল নম্বর, কোন খেলার কোন শ্রেণীর টিকিট চাচ্ছেন সেই তথ্য দেবেন। তখন ব্যাংক কর্মকর্তা সেই তথ্য অনলাইনে এন্ট্রি করবেন। টাকা শোধের পর সেটি প্রিন্ট হবে এবং এরপর ব্যাংক ভাউচারে সিল ও স্বাক্ষর দিয়ে তা প্রার্থীর হাতে তুলে দেবেন।’ ইন্টারনেটের গতির ওপর নির্ভরশীল প্রক্রিয়াটা শেষ করতে কমপক্ষে তিন মিনিট লাগতে পারে বলে ধারণা তাঁর। এই হিসাবে ৮ ঘণ্টার কর্মদিবসে এক শাখা থেকে সর্বোচ্চ ৪৮০টি টিকিট দেওয়া যাবে। টিকিট বিক্রির এই প্রক্রিয়া ও দেশের ইন্টারনেটের গতির অনিশ্চয়তার বাস্তবতা বুঝে সবাইকে অহেতুক লাইনে দাঁড়িয়ে না থেকে পরের দিন চেষ্টা করার অনুরোধ করেছেন সিটি ব্যাংকের প্রধান যোগাযোগ কর্মকর্তা।অপ্রীতিকর অবস্থা এড়াতে এবং নিরাপত্তার কথা চিন্তা করে আলাদাভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের সঙ্গে যোগাযোগ করেছে ব্যাংক। প্রতিটি জেলায় ব্যাংকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বিসিবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে আইসিসি ও টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কায়াজুঙ্গা। তাই টিকিট বিক্রিতে কোনো অস্বচ্ছতা হবে না বলে দাবি করেছেন মাসরুর, ‘ঠিক সকাল ১০টায় সার্ভার অন করা হবে এবং সন্ধ্যা ছয়টায় সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি হবে না।’ চাইলেও সিটি ব্যাংকের কোনো কর্মকর্তা বা তাঁর আত্মীয়স্বজন কোনো টিকিট কিনতে পারবে না। বিষয়টি তদারকি করবে সিটি ব্যাংকের প্রধান শাখা।