আত্মহত্যা করতে চেয়েছিলেন থর্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর বয়সেই জিতেছিলেন অলিম্পিকের সোনা। সেই থেকে তাঁকে অহর্নিশ থাকতে হয়েছে মিডিয়ার আতশকাচের নিচে। কিন্তু যে সৌরভ ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, সেটা পুরোপুরি ছড়াতে পারলেন কই? সিডনি অলিম্পিকের পর এথেন্সের পুলেও আলোড়ন তুললেন বটে, কিন্তু এরপর কী যে হলো, সাঁতার থেকে একদমই যেন মন উঠে গেল তাঁর। ফলাফল, ২৪ বছর বয়সেই অবসর। ইয়ান থর্পের কাহিনি এখানেই শেষ নয়, এরপর গত বছর আবার শীর্ষ পর্যায়ের সাঁতারে ফিরেছিলেন লন্ডন অলিম্পিকে অংশ নেবেন বলে। কিন্তু অলিম্পিকে যাওয়ার যোগ্যতামানই অর্জন করতে পারেননি। ‘থর্পেডো’কে ঘিরে ক্রীড়াবিশ্বে একসময় কী দারুণ উন্মাদনাই না ছিল। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতো তাঁর জীবনের স্পর্শকাতর বিষয়গুলো এতদিন ঢাকাই পড়ে ছিল। সদ্য প্রকাশিত আত্মজীবনী দিস ইজ মিতে এই ৩০ বছর বয়সী সাঁতারু আলোয় এনেছেন এমন অনেক না বলা কথাই। কৈশোরের একটা সময় বিষণ্নতায় ভুগছিলেন থর্প, সেটা কাটাতে আশ্রয় খুঁজেছিলেন অ্যালকোহলে। এমনকি একটা সময় আত্মহত্যার বাতিকও ভর করেছিল মাথায়। এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলেছেন অকপটে, ‘সম্ভবত তারুণ্যের শুরুতে আমি টের পাই, সবকিছু ঠিকঠাকমতো হচ্ছে না। তখন আমি জানতাম না এটিকেই বিষণ্নতা বলে কি না এবং এরপরই আমি বুঝতে পারি, আমার আসলে সাহায্যের দরকার।’ বই পড়তে দারুণ ভালোবাসেন, আগ্রহ আছে বিচিত্র সব বিষয়েও। একজন অ্যাথলেটের জন্য ব্যাপারটা একটু অদ্ভুতই। বাকি সবার চেয়ে একটু আলাদাই তিনি। নিজেও মানেন সেটা, ‘আমার মনে হয় আমার স্বভাবটা আর সবার মতো নয়। আমি একটু আঁতেলই হয়তো। আমি এমন একজন যে কিনা ঘটনাচক্রে খেলাধুলাতেও ভালো। আমি বিশ্বে যা কিছু সুন্দর সবকিছুই পছন্দ করি।’ দেখতে সুদর্শন, অথচ নারীবিষয়ক কোনো কেচ্ছাকাহিনির সঙ্গে তাঁর কোনো সংশ্রব নেই। ‘সমকামী’ হিসেবে একটা দুর্নামও জুটে গিয়েছিল তাঁর। থর্প অবশ্য এসবকে নিছকই দুষ্টলোকের রটনা বলে উড়িয়ে দিয়েছেন, ‘কিছু কিছু লোক আছে যারা সব সময়ই একটা সন্দেহবাতিকগ্রস্ত। অনেক আগেই এসব চুকে যাওয়া উচিত ছিল, কিন্তু লোকে এখনো ওটাকেই আঁকড়ে বসে আছে। তাদের আসলে এমন একটা ব্যাখ্যা দরকার, যেটির সঙ্গে নিজেদের ধারণাকে মিলিয়ে নিতে পারবে।’ সাঁতারের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধার পর এখন থর্প সামনের বছর বার্সেলোনায় সাঁতার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। থর্প বলছেন সাঁতারেই এখন তাঁর অখণ্ড মনযোগ, ‘আমি কী করছি সেটা নিয়ে আমি খুশি। সাঁতার আমি ভালোবাসি। জীবনটাকে আমি এখন উপভোগ করছি।’ এএফপি, রয়টার্স।