আত্মহনন করতে পারেন পিস্টোরিয়াস!
পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ অনেক কিছুই করে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যাওয়াটাও বিচিত্র নয়। অস্কার পিস্টোরিয়াস নাকি এখন এমন অবস্থায় আছেন। আত্মহননের পথও নাকি বেছে নিতে পারেন ‘ব্লেড রানার’! পিস্টোরিয়াসের মানসিক এই অবস্থাটা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মাইক আজি।বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কৃত্রিম পায়ের এই দৌড়বিদ অবশ্য দাবি করেছেন, ঘরে চোর ঢুকেছে ভেবে ভুল করে গুলি চালিয়েছিলেন। পুরো ব্যাপারটাই ছিল নিছক এক ‘দুর্ঘটনা’। এখন অবশ্য জামিনে আছেন পিস্টোরিয়াস। ৪ জুন শুনানির জন্য আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে তাঁকে। কিন্তু মানসিকভাবে নাকি একেবারেই ভেঙে পড়েছেন পিস্টোরিয়াস। পড়েছেন আর্থিক সংকটেও। এতটাই যে, মামলার খরচ মেটাতে শখের রেসের ঘোড়াটিকে পর্যন্ত নাকি বিক্রি করে দিয়েছেন।বিবিসির ‘অস্কার পিস্টোরিয়াস: আসলে কী ঘটেছিল’ তথ্যচিত্রে এসব কথা বলেছেন আজি। তাঁর ভাষ্যমতে, ‘তার (পিস্টোরিয়াসের) কণ্ঠে এখন কোনো আত্মবিশ্বাসই নেই। তার এমনই অবস্থা, যে কিনা একই বৃত্তে উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাচ্ছে। সে নিজেই জানে না, সে কোথায় যাচ্ছে। আমাকে বলতেই হচ্ছে, সে আত্মহত্যার দুয়ারে দাঁড়িয়ে আছে।’ ওয়েবসাইট।