আদালতপাড়া, স্কুল এবং টেবিল টেনিস...এ-ই তাঁদের সংসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খেলার মাঠে পরিচয়। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। কবে কখন একজন হয়ে গেছেন আরেকজনের পরিপূরক, বুঝতেই পারেননি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন জুটি রয়েছেন বেশ কজন। সেই দম্পতিদের ঘরের খবর উঠে এসেছে এই ধারাবাহিক প্রতিবেদনে। আজ তৃতীয় পর্বে থাকছে টেবিল টেনিসের সাবেক ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহ ও মৌমিতা আলম রুমির গল্প
তাঁরা দুটি টিটির জুটি!
তাঁরা দুটি টিটির জুটি!

দারুণ ব্যস্ততায় দিনের শুরু হয় একজন আইনজীবী ও একজন স্কুল শিক্ষিকার। সকালে তাড়াহুড়ো করে কোনোরকম নাশতা মুখে দিয়ে আদালতপাড়ায় ছুট দেন আইনজীবী। আর স্কুল শিক্ষিকারও একই অবস্থা। সময় মতো স্কুলে পৌঁছানোর তাড়া তো আছেই। দিন শেষে দুজনই আবার একই সঙ্গে ছুটছেন জিমনেসিয়ামে। টেবিল টেনিসের আকর্ষণে!
আইনজীবী মাহবুব বিল্লাহ। স্কুল শিক্ষিকা মৌমিতা আলম রুমি। এই পরিচয় ছাপিয়ে দুজনের আরও বড় পরিচয় আছে-এরা দুজনই টেবিল টেনিস খেলোয়াড়। মাহবুব বিল্লাহ পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন, মৌমিতা তিনবার।
দুজনের বাড়ি টেবিল টেনিসের উর্বর ভূমি নড়াইলে। মাহবুব বিল্লাহ যখন টেবিল টেনিসে ভালো করছেন মৌমিতা আলম রুমি তখন খুব ছোট। স্কুলে পড়াশোনা করতেন। একবার এক স্থানীয় টিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন মৌমিতা। তখন তাকে কাঁধে তুলে নেচেগেয়ে সারা ক্লাব ঘুরলেন মাহবুব। সেই স্মৃতি মনে পড়তেই সে কী হাসি মৌমিতার!
শুধু একজন বড় খেলোয়াড় হিসেবেই নন, মাহবুবকে আইডলও মানেন মৌমিতা। অভিভাবক হিসেবে সব সময় মাহবুবের কাছ থেকে টুকটাক পরামর্শ পেতেন। একসঙ্গে খেলতে খেলতেই গড়ে ওঠে সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মাহবুব-মৌমিতার বিয়ে হয় ২০০৮ সালের ৬ অক্টোবর।
কোর্টে এবং বাইরে দুজনের বোঝাপড়া কেমন? মৌমিতা বললেন, ‘ভালো। দুজন একসঙ্গে খেলি। তাই তেমন কোনো সমস্যা হয় না। তবে পারিবারিক জীবনে টুকটাক ঝগড়া দু-এক দিন হতেই পারে।’ সেই ২০০২ সাল থেকে জুটি হিসেবে মিশ্র দ্বৈতে খেলছেন বিমান, আনসার ও জাতীয় দলে। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে জুটি গড়ে সাফল্য এনেছেন বাংলাদেশের হয়ে। 

তবে দুজনের লম্বা ক্যারিয়ারে একটা আক্ষেপ ছিল। কোনো টুর্নামেন্টের পুরুষ ও মহিলা এককে স্বামী-স্ত্রী দুজন চ্যাম্পিয়ন হতে পারছিলেন না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় বছর দু-এক আগে ফেডারেশন কাপে। দুজনের কাছেই ব্যতিক্রমী আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল সেবারের ফেডারেশন কাপ। আগের দিন মহিলা এককে চ্যাম্পিয়ন হন মৌমিতা, পরের দিন পুরুষ এককে চ্যাম্পিয়ন মাহবুব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন মৌমিতা। বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। মৌমিতার দাবি, ‘আমরাই ক্রীড়াঙ্গনের সেরা জুটি।’ পরপরই মৌমিতার কণ্ঠে ঝরে পড়ে কৃতজ্ঞতার সুর, ‘সংসারে যত কাজ থাকুক, আমার শাশুড়ি বলেন, তুমি আগে প্র্যাকটিস করো।’ সংসার-স্বামীর সহযোগিতা পেয়েছেন বলেই এত দূর আসতে পেরেছেন মৌমিতা।
খেলোয়াড় স্ত্রীকে নিয়ে মাহবুবের মূল্যায়ন, ‘রুমি আগে সকালে একটু বেশি ঘুমাত। তবে এখন সেই বদ অভ্যাস নেই।’ মৌমিতার অভিযোগ যেন মিঠেকড়া, ‘এখন আমার দিকে ওর নজর দেওয়ার ব্যাপারে উদাসীনতা আছে একটু। ও সব সময় খেলার ব্যাপারে বেশি সিরিয়াস। খেলাটা আগে আমি পরে।’ মাহবুব যেন এমন খুনসুটি দারুণ উপভোগ করেন, ‘আমরা কেউ কাউকে ঈর্ষা করি না। রুমি একটা ম্যাচ খারাপ খেললে আমি বেশি কষ্ট পাই। ও যখনই কোর্টে নামে আমি গ্যালারিতে গলা ফাটাই। আমার টেনশন বেড়ে যায়।’
খেলার মাঠের জুটি, জীবনের খেলাতেও জুটি বেঁধেছেন। আজীবন এভাবেই পথ চলতে চান মাহবুব-মৌমিতা।