আদালতে কাঁদলেন পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক কেন কী কারণে এত বড় ঘটনা ঘটিয়ে ফেললেন, এখনো পরিষ্কার নয়। তবে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন, এ মুহূর্তে তাঁর পা ঠিক চোরাবালিতে। তলিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। কাল প্রিটোরিয়ার একটি আদালতে তোলা হলে হু হু কান্নায় ভেঙে পড়েন অস্কার পিস্টোরিয়াস। এ সময় ডেসমন্ড নাইর তাঁকে শান্ত হয়ে চেয়ারে বসতে বলেন। পিস্টোরিয়াসের বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে। তাঁর জন্য কী শাস্তি অপেক্ষা করছে, সেটাও এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে। আবারও পুলিশি হেফাজতে ফিরে গেছেন এই ২৬ বছর বয়সী।‘ব্লেড রানার’খ্যাত এই দৌড়বিদের আইনজীবীরা অবশ্য চেষ্টা করছেন পিস্টোরিয়াসকে বাঁচাতে। বলা হচ্ছে, ভ্যালেন্টাইনস ডের বিস্ময় উপহার দিতে রাতে চুপি চুপি পিস্টোরিয়াসের ঘরে ঢুকেছিলেন বান্ধবী রিভা স্টিনক্যাম্প। এমনিতে দক্ষিণ আফ্রিকা অপরাধপ্রবণ একটি দেশ। পুলিশের কাছে পিস্টোরিয়াস দাবি করেছেন, তিনি ভেবেছিলেন ঘরে চোর ঢুকেছিল। এমনিতে সব সময় আতঙ্কে থাকতেন এই দৌড়বিদ। শোবার ঘরে রিভলবার ছাড়াও একটা মেশিনগানও মজুত রেখেছিলেন। তবে এই যুক্তিতে পার পাওয়া যাবে না বলে দাবি বাদীপক্ষের আইনজীবীদের। তাঁদের দাবি, এই হত্যা পূর্বপরিকল্পিত। তা ছাড়া পিস্টোরিয়াসের পড়শিদের সাক্ষ্যও তাঁর বিপক্ষে যাচ্ছে। তাঁরা জানিয়েছেন, গুলির আওয়াজের আগে ওই বাড়ি থেকে চেল্লাচেল্লির শোরগোল পাওয়া গেছে। মনে হয়েছে দুজন প্রচণ্ড ঝগড়া করেছেন। এমনিতেই পিস্টোরিয়াসের বাড়িতে শারীরিক নির্যাতনের অভিযোগ আগে থেকেই ছিল। তা ছাড়া প্রেমিকার শরীরে চার-চারটি বুলেট বিঁধিয়েছেন ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক এবং প্যারালিম্পিক দুটোতেই অংশ নেওয়া পিস্টোরিয়াস। মাথায়, ঘাড়ে, হাতে এবং পিঠের নিচে। ভুল করে চালালে কি নিশানা এত নিখুঁত হয়? গুলিগুলো করা হয়েছে সময় নিয়েই। দক্ষিণ আফ্রিকানরা স্পষ্টতই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক অংশ মনে করে, ভুল করেই এমনটা করেছেন পিস্টোরিয়াস। অন্য অংশের কাছে নিজের ‘হিরো’ ভাবমূর্তি এরই মধ্যে হারিয়ে ফেলেছেন। উঠে এসেছে পিস্টোরিয়াসের উদ্দাম জীবনের কথাও। ব্যক্তিজীবনে পিস্টোরিয়াস উদ্দামতাবিলাসী। পছন্দ করতেন বিলাসবহুল দ্রুতগতির গাড়ি, বন্দুক এবং সুন্দরী নারী। একাধিক মডেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। স্টিনক্যাম্পের সঙ্গেই যেমন সম্পর্কটা ছিল মাত্র দুই মাসের। দুজনের মধ্যে কোনো গরমিল অবশ্য কেউ লক্ষ করেনি। কদিন আগেও এক সাক্ষাৎকারে সঙ্গী হিসেবে পিস্টোরিয়াসের ভূয়সী প্রশংসা করেছেন স্টিনক্যাম্প। তাঁর সর্বশেষ টুইটেও ছিল পিস্টোরিয়াসের প্রতি হূদয় উছলে পড়া ভালোবাসা। যদিও পিস্টোরিয়াসেরই সাবেক প্রেমিকা সামান্থা টেলর গত নভেম্বরেই দাবি করেছিলেন, মানুষ হিসেবে পিস্টোরিয়াসের আসল চেহারা অন্য রকম, ‘মানুষ যেমনটা ভাবে অস্কার অবশ্যই সে রকম নয়।’ এই হত্যাকাণ্ডের পর টেলরের অনুমান, স্টিনক্যাম্প ছাড়াও হয়তো অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল পিস্টোরিয়াসের। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকান টিভি চ্যানেলের কয়েকটিতে তাঁর বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও নাইকিসহ তাঁর বড় স্পনসররা বলেছে, পুলিশি তদন্তে কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত তারা পিস্টোরিয়াসের সঙ্গেই আছে। এএফপি, রয়টার্স।