আদালতে যাচ্ছেন আর্থার
ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড ও প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড একদিন মিকি আর্থারকে ডেকে বললেন, তাঁর জায়গায় অনতিবিলম্বে অস্ট্রেলিয়ার কোচ করা হচ্ছে ড্যারেন লেম্যানকে। অ্যাশেজের মাত্র ১৬ দিন আগে তিনি বরখাস্ত! মিকি আর্থার রীতিমতো অবাক। কিন্তু অবাক হলেও মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। এর আগে দলের মধ্যে যা ঘটেছিল, সেই দায় তিনি নিয়েছিলেন নিজের কাঁধেই। কিন্তু কদিন না যেতেই আর্থার বুঝিয়ে দিলেন এত সহজেই সবকিছু মেনে নেওয়ার পাত্র তিনি নন। এখন সিএর কাছে ক্ষতিপূরণের জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু দলকে প্রত্যাশিত ফল এনে দিতে পারছিলেন না । তারপর আবার ধেয়ে আসতে থাকে ব্যর্থতা-সমালোচনার যুগল তির। ভারত সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার সঙ্গে বাড়তি ছিল ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারি। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংলিশ ব্যাটসম্যান জো রুটের সঙ্গে ডেভিড ওয়ার্নারের ‘ঘুষি-কাণ্ড’। মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট হাঁটছে উল্টোপথে। চাকরি হারিয়েও আর্থার এখনো অস্ট্রেলিয়াতেই আছেন। এর মধ্যে মারা গেছেন তাঁর মা। দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, আর্থারকে বরখাস্ত করার আগে বোর্ড কোনো নোটিশ দেয়নি। ধারণা করা হচ্ছে, তাঁকে তিন মাসের বেতন দিয়ে চুক্তি বাতিল করেছে সিএ। কিন্তু আর্থার মনে করেন, তাঁকে ন্যায্য প্রাপ্য দেওয়া হয়নি। সে জন্যই আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। নামী আইনি সংস্থা হারনেস ওয়ার্কপ্লেসের সঙ্গে যোগাযোগও নাকি করেছেন। সিএ অবশ্য এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আর্থারের সঙ্গে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল সিএর। এএফপি, ওয়েবসাইট।