আদালতে হাজিরার নির্দেশ মেসিকে
বিশ্বের সব বাঘা বাঘা ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের মারপ্যাঁচে ফাঁকি দিয়েছেন। এবার আইনি ফাঁকফোকর গলে কি বেরিয়ে যেতে পারবেন? সেই উত্তর ভবিষ্যতেই জানা যাবে। তবে আপাতত কিছুদিন ফুটবল মাঠের বাইরেও আদালতের চৌহদ্দিতে দৌড়ঝাঁপ করতে দেখা যাবে লিওনেল মেসিকে। কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে আগামী ১৭ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের কাতালুনিয়া রাজ্যের আদালত। একই নির্দেশ পেয়েছেন মেসির বাবা হোর্হে মেসিও। মেসির কর ফাঁকি দেওয়ার বিষয়ে গত সপ্তাহে বার্সেলোনার গাভা বিভাগের একটি আদালতে অভিযোগ দায়ের করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকায়েল আমাদো। অভিযোগটিতে বলা হয়েছিল, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর রিটার্নে ভুল তথ্য দিয়েছেন মেসি। ৫৩ লাখ ডলার কর ফাঁকির এই অভিযোগটি আমলে নিয়েছেন স্পেনের সেই আদলত। ১২ জুন কর ফাঁকির এই অভিযোগটি শোনার পরপরই ফেসবুকের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন মেসি। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রসেল। মেসির বিরুদ্ধে আনা এই অভিযোগটি যে সত্য নয়, সেটা বেশ জোর গলাতেই বলেছিলেন তিনি। কিন্তু এসব কথায় কোনো চিড়েই ভিজবে না। নিজের কলঙ্ক মুছতে এখন আদালত পর্যন্তই যেতে হবে এ সময়ের সেরা এই ফরোয়ার্ডকে। রয়টার্স।