আদালতের আদেশের কপি চায় পিসিবি
নিরাপত্তার কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাকিস্তান সফর তাই আপাতত স্থগিত। আদালতের সিদ্ধান্ত পাওয়ার পরপরই বিসিবি থেকে সেটা পিসিবিকে জানানো হয়েছে। পিসিবি এবার চাইছে আদালতের আদেশের কপি, সঙ্গে বিসিবি থেকে যদি এ আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা হয়ে থাকে, সেটার কপিও।কাল পিসিবির মিডিয়া বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘পিসিবি আজ (গতকাল) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিসিবিকে বলেছে, আদালতের আদেশের কপি এবং বিসিবি যদি এই স্থগিতাদেশের বিরুদ্ধে কোনো আপিল করে থাকে, সেটার কপি জমা দিতে।’ পাকিস্তান সফরের বিরুদ্ধে হাইকোর্টে করা রিট আবেদন সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইনি পরামর্শকের সহায়তায় রিট আবেদনটি পর্যালোচনা করে পিসিবি কর্মকর্তাদের প্রাথমিকভাবে মনে হয়েছে, রিট আবেদনটির সারবত্তা নেই এবং এটি জনস্বার্থবিরোধী। ক্রিকেটের জন্য ক্ষতিকর।’পিসিবি মুখপাত্রের দাবি, বাংলাদেশ দলের পাকিস্তান সফর এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে সমর্থন দিয়েছে আইসিসিও। তারা আশাবাদী, স্থগিতাদেশ বাতিলের সব রকম চেষ্টাই করবে বিসিবি।কিন্তু পিসিবির কাছ থেকে ও রকম কোনো চিঠি কাল পর্যন্ত পাননি বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা। কাল সন্ধ্যায় মালয়েশিয়া থেকে টেলিফোনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে এ রকম কোনো চিঠি পাইনি।’ একই দাবি মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুসেরও। তবে পিসিবি থেকে এ রকম কিছু এলেও বিসিবির প্রতিক্রিয়া কী হতে পারে, সেটার আভাস মিলেছে তাঁর কথায়, ‘আমি জানি না এ রকম কোনো চিঠি এসেছে কি না। তবে পিসিবিকে আদালতের আদেশের কপি দেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। তাদের (পিসিবি) কাছে আমাদের জবাবদিহি কতটুকু যৌক্তিক, সেটাও ভেবে দেখতে হবে।’বিসিবির আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞার জবাবে এখন পর্যন্ত কোনো আপিল করেনি বিসিবি। সেটা করার কোনো চিন্তাভাবনাও নেই বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।