আদালতের নির্দেশে কানেরিয়ার ‘হ্যাঁ’
এত দিন ‘না’ করে আসছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি ছিল, সততা যাচাইয়ের জন্য গত বছর কানেরিয়াকে জিজ্ঞাসাবাদ করা পুলিশের সব নথি বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে। তা না হলে দলে নেওয়া হবে না। কিন্তু নথি উপস্থাপনে রাজি ছিলেন না কানেরিয়া। বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা ঠুকে দেন। তবে আদালতের নির্দেশেই আজ মঙ্গলবার পুলিশি জিজ্ঞাসাবাদের সব নথি বোর্ডের কাছে উপস্থাপনে রাজি হয়েছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।গত ২ জুলাই আদালতে দায়ের করা পিটিশনে কানেরিয়া অভিযোগ করেন, অন্যায়ভাবে তাঁকে খেলার ছাড়পত্র দিচ্ছে না পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটি। এ কারণে পাকিস্তানের টেস্ট দলে ফিরতে পারছেন না তিনি।মামলার শুনানিতে পিসিবির আইনজীবী তফাজ্জল রিজভী বলেন, ‘গত বছর কানেরিয়াকে করা পুলিশি জিজ্ঞাসাবাদের সব নথি বোর্ডের কাছে উপস্থাপন করার আগ পর্যন্ত তাঁকে দলে নেওয়া সম্ভব নয়। তাঁর সততা নিয়ে বোর্ডের সন্দেহ রয়েছে। সততা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদের নথিগুলো জরুরি।’রয়টার্স জানায়, ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার সময় তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করে। শেষ পর্যন্ত কেউ কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়নি। কানেরিয়ার বিরুদ্ধে কোনো তদন্ত আর চলছে না—এই মর্মে পিসিবিকে চিঠি পাঠায় এসেক্স পুলিশ। কিন্তু এর পরও কানেরিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে লর্ডস টেস্টে বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটি। ওয়েবসাইট।