আদালতের নির্দেশে ধাঁধায় পিসিবি
ইসলামাবাদ হাইকোর্টের রায়ে বরখাস্ত হয়েছেন নির্বাচিত প্রধান জাকা আশরাফ। সেই ইসলামাবাদ হাইকোর্টই এ মাসের গোড়ার দিকে অন্তর্বর্তী প্রধান নাজাম শেঠিকে নির্দেশ দিয়েছিলেন ৯০ দিনের মধ্যে পিসিবির নির্বাচন করতে। আজ রোববার একই আদালতের নির্দেশে পাকিস্তান ক্রিকেটে জলঘোলা হলো আরও।একটি সাংবিধানিক রিট পিটিশনের রায়ে নাজাম শেঠির সব ক্ষমতা ও কর্তৃত্ব কেড়ে নিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আজ থেকে ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা করতে পিসিবির নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।৩০ পৃষ্ঠার রায়ে পিসিবির চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থীর যোগ্যতাও নির্ধারণ করে দিয়েছেন আদালত। বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাস হতে হবে এবং প্রথম শ্রেণীর বা টেস্ট ক্রিকেটে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া গত পাঁচ বছরে পিসিবির আয়-ব্যয়ের হিসাবের পূর্ণাঙ্গ নিরীক্ষণ করতেও পাকিস্তানের মহা হিসাব নিরীক্ষককে নির্দেশ দেওয়াসহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত দিয়েছেন আদালত।রায়ে স্পষ্ট বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্টের পিসিবিতে সংশ্লিষ্টতা প্রতীকী ব্যাপার মাত্র। আদালত মনে করেন, একজন সাংবাদিক ও ক্রিকেট উত্সাহী ব্যক্তি জাতীয় নির্বাচন কমিটিতে থাকতে পারেন।এখন পর্যন্ত পিসিবির প্রধান পৃষ্ঠপোষক দেশটির প্রেসিডেন্ট। তিনিই সরাসরি পিসিবি চেয়ারম্যান নিয়োগ করেন। দুই সদস্যের মনোনয়ন কমিটিও চূড়ান্ত করেন তিনি।এনডিটিভির খবরে বলা হয়, আদালতের রায়ের পর পাকিস্তানের দল নির্বাচনে কারা সিদ্ধান্ত নেবেন, এ নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। পিসিবির একজন আইন উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের রায়ের কোনো কপি এখনো তাঁরা পাননি। যতটুকু জেনেছেন, তা মিডিয়ার মাধ্যমে। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত রায় সত্যি হলে পাকিস্তান ক্রিকেটে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। এখানে অনেক বিষয় উঠে এসেছে, যার ব্যাপারে কোনো পক্ষই শুনানিতে অংশ নেয়নি।